স্টেলান্টিসের সহযোগী প্রতিষ্ঠান ডজ ২০২৬ মডেল বর্ষের লাইনআপে নতুন দুটি মাসল কারের ঘোষণা দিয়েছে; যেখানে থাকছে কাস্টমাইজেশনের বড়সড় সুযোগ। যাকে বিজ্ঞাপনী ভাষায় বলা হচ্ছে, ইট’স অ্যাবাউট চয়েজ। দুই মডেলের একটি হলো তিন সারির আসনবিশিষ্ট ডজ ডুরাঙ্গো এসআরটি হেলক্যাট জেলব্রেক, এতে রয়েছে ৭১০-হর্সপাওয়ারের হেমি ভি-এইট ইঞ্জিন। এ মডেলে চাকা, আসনের রঙ, সিটবেল্টের রঙ, বাহ্যিক রঙ ও নকশাসহ বিভিন্ন ক্ষেত্রে মোট ৬০ লাখের বেশি সম্ভাব্য কনফিগারেশন থাকছে। এমনকি ৫, ৬ বা ৭ আসনেও গাড়ির রূপান্তর করা যাবে। ডজের দ্বিতীয় মডেলটি হলো চার্জার স্ক্যাট প্যাক। এতে রয়েছে সিক্সপ্যাক টুইন-টার্বো ইনলাইন-সিক্স ইঞ্জিন। চার্জারে হাই-আউটপুট ও স্ট্যান্ডার্ড-আউটপুট দুটি সংস্করণ পাওয়া যাবে। মডেলটি দুই দরজার কুপ বা চার দরজার সেডান উভয় সংস্করণেই বাজারে আসবে। ডজের সিইও ম্যাট ম্যাকএলিয়ারের মতে, নতুন প্রজন্মের এ চার্জার লাইনআপ একই ধাঁচের যেকোনো মাসল কারের মধ্যে সর্বাধিক হর্সপাওয়ার ও টর্ক এবং সবচেয়ে চওড়া। পুরস্কারজয়ী ইন্টেরিয়রের পাশাপাশি গ্রাহকদের চাহিদামতো সাজসজ্জা বেছে নেয়ার স্বাধীনতা তো রয়েছেই। নতুন মাসল কারগুলো ডজের অফার তালিকায় যুক্ত হচ্ছে মিশিগানের রেসিং ইভেন্ট রোডকিল নাইটসের দশম বার্ষিকীর একদিন আগে। ৪২০ হর্সপাওয়ারের চার্জার আর/টির প্রারম্ভিক দাম হবে ৪৯ হাজার ৯৯৫ ডলার। ৫৫০ হর্সপাওয়ারের চার্জার স্ক্যাট প্যাক ৫৪ হাজার ৯৯৫ ডলার এবং অল-ইলেকট্রিক দুই দরজার চার্জার স্ক্যাট প্যাকের দাম হবে ৫৯ হাজার ৯৯৫ ডলার। ডজের লাইনআপ সম্প্রসারণ হচ্ছে এমন সময় যখন ট্রাম্প প্রশাসনের অধীনে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) সংক্রান্ত নীতির পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে ব্যস্ত অটোমেকাররা। কয়েক মাস আগে ম্যাকএলিয়ারের ধারণা ছিল, গাড়ি শিল্পজুড়ে ইভির হিস্যা প্রায় ৩০ শতাংশ হবে। কিন্তু নীতি পরিবর্তনের কারণে তা হার কিছু সময়ের জন্য ২০ শতাংশের বেশি হবে না। সাম্প্রতিক বছরগুলোয় আর্থিক সংকট মোকাবেলা করে আসছে স্টেলান্টিস। মাসল কারের নতুন দুই মডেল সেখান থেকে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টার অংশ। কোম্পানি নতুন সিইও আন্তোনিও ফিলোসা গত সপ্তাহে ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাওয়া জনপ্রিয় মডেলগুলো ফিরিয়ে আনবে স্টেলান্টিস। এর সঙ্গে নতুন মডেলের উন্মোচনের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে পুনরায় সংযোগ তৈরি করতে চায় কোম্পানিটি। খবর সিএনবিসি