জলবায়ু সংকটাপন্ন কৃষি পরিবারগুলোকে সহায়তার লক্ষ্যে এইচএসবিসি বাংলাদেশ ব্র্যাকের সহযোগিতায় জামালপুরে ‘ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার থ্রু অ্যাডাপটেশন ক্লিনিক’ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। প্রকল্পের প্রথম ধাপ, ‘জলবায়ু সহনশীল কৃষি-খাদ্য ব্যবস্থা’ ২০২২ সালে শুরু হয়, যা কৃষকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছিল। এর সাফল্যের ভিত্তিতে ২০২৩ সালে প্রকল্পের দ্বিতীয় পর্যায় চালু হয়, যা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়দের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলার পরিধি বিস্তৃত করে।
ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত জামালপুর প্রায়ই বন্যা ও অনিশ্চিত আবহাওয়ার সম্মুখীন হয়, যা কৃষি জীবিকার জন্য হুমকি তৈরি করে। এসব সমস্যা মোকাবেলায়, প্রকল্পটি দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় ‘অ্যাডাপটেশন ক্লিনিক’ প্রতিষ্ঠা করেছে। এ ক্লিনিকগুলো কৃষকদের জন্য জ্ঞানকেন্দ্র হিসেবে কাজ করে, যেখানে তারা টেকসই কৃষি প্রযুক্তি, পানি ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীল ফসল চাষ সম্পর্কে নির্দেশনা পান। এছাড়া প্রকল্পের শুষ্ক সংরক্ষণাগারগুলো বন্যাপ্রবণ এলাকার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা কৃষকদের বৈরী আবহাওয়ার মধ্যেও নিরাপদে ফসল সংরক্ষণ, ক্ষতি কমানো ও সর্বোত্তম বাজার মূল্যে উৎপাদিত পণ্য বিক্রিতে সহায়তা করে। এ উদ্যোগের অংশ হিসেবে, প্রকল্প অঞ্চলের কৃষকদের জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি, যেমন ক্লাইমেট-স্মার্ট ফসলের জাত ও কীটনিয়ন্ত্রণ ব্যবস্থার প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া তারা সৌরচালিত সেচ ব্যবস্থা, উন্নত বীজ ও আর্থিক সাক্ষরতা ও বাজার সংযোগ সম্পর্কিত কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।