আইভরি কোস্টে দ্বিতীয় মৌসুমে কোকো উৎপাদন ৪০ শতাংশ কমতে পারে। দীর্ঘ শুষ্ক মৌসুম ও অপর্যাপ্ত বৃষ্টিপাত শস্যটির উৎপাদন কমার পেছনে ভূমিকা রাখতে পারে। পাঁচজন পড কাউন্টার (কোকো ফল গণনাকারী) ও পাঁচজন রফতানিকারক বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, আইভরি কোস্টে অক্টোবর-মার্চ পর্যন্ত কোকোর ভরা মৌসুম ধরা হয়। এপ্রিল-সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় মৌসুম ধরা হয়। এ সময় ভরা মৌসুমের তুলনায় শস্য উৎপাদন কম হয়।
উৎপাদন বৃদ্ধি ও কোকোর মান নিশ্চিত করার জন্য পরিমিত বৃষ্টিপাত প্রয়োজন। কৃষকরা জানান, পশ্চিম আফ্রিকার দেশটিতে এ বছর বৃষ্টিপাত অপর্যাপ্ত ও অনিয়মিত ছিল।
পড কাউন্টার ও রফতানিকারকদের দেয়া তথ্যানুযায়ী, শুষ্ক মৌসুমের কারণে কোকোর আকার ও গুণমান কমেছে। এ বছর কৃষকরা ২ লাখ ৮০ হাজার টন থেকে তিন লাখ টন কোকো সংগ্রহ করতে পারবেন।
কফি অ্যান্ড কোকো কাউন্সিলের (সিসিসি) দেয়া তথ্যানুসারে, গত মৌসুমে আইভরি কোস্ট পাঁচ লাখ টন কোকো উৎপাদন করেছিল। কোকো নিয়ন্ত্রক ও কিছু রফতানিকারক জানান, গত ১০ বছরে দেশটি গড়ে প্রতি বছর ৫ লাখ ৫০ হাজার টন কোকো উৎপাদন করেছে।