স্পট মার্কেটে দাম কমেছে স্বর্ণের

আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহের লেনদেনের শেষ দিনে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছিল।

আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহের লেনদেনের শেষ দিনে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছিল। এতে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেয়ার প্রবণতা বেড়েছে। এমন প্রেক্ষাপটে গতকাল স্পট মার্কেটে স্বর্ণের দাম কিছুটা কমেছে। এছাড়া যুক্তরাষ্ট্রে ট্রেজারি ইল্ড বৃদ্ধিও মূল্যবান ধাতুটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর রয়টার্স।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম কমেছে দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫৯ ডলার ৯৯ সেন্টে। তবে এ সময় যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে মূল্যবান ধাতুটির দাম দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি মূল্য পৌঁছেছে ৩ হাজার ৪১৩ ডলার ৪০ সেন্টে।

স্যাক্সো ব্যাংকের হেড অব কমোডিটি স্ট্র্যাটেজিস্ট ওলে হ্যানসেন বলেন, ‘বাজারে গত শুক্রবার স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার পর আজকের দরপতন স্বাভাবিক। সুদহার কিছুটা বেড়েছে এবং শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে।’

তিনি জানান, ‘বর্তমানে বাজারে স্বর্ণের দাম সীমিত পরিসরে ওঠানামা করছে। তবে মূল্যবান ধাতুটির দাম যদি আউন্সপ্রতি ৩ হাজার ৪৩০ ডলার ছাড়িয়ে যায়, তাহলে বিনিয়োগকারীদের মধ্যে ক্রয়প্রবণতা বাড়বে। এতে আবার নতুন করে স্বর্ণের দাম বাড়া শুরু হতে পারে।’

যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, জুলাইয়ে দেশটিতে কৃষি ছাড়া অন্যান্য খাতে কর্মসংস্থান বেড়েছে মাত্র ৭৩ হাজারটি। দুর্বল এ কর্মসংস্থান তথ্য সেপ্টেম্বরে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর সম্ভাবনা বাড়িয়েছে। বর্তমানে ফেডওয়াচ অনুযায়ী, সুদহার কমানোর সম্ভাবনা ৭৮ শতাংশ।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফেডারেল রিজার্ভ বোর্ডের শূন্য পদে তিনি শিগগিরই নতুন মনোনয়ন দেবেন। পদটি গভর্নর অ্যাড্রিয়ানা কুগলারের পদত্যাগে শূন্য হয়েছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে গতকাল রুপার দাম বেড়েছে দশমিক ৯ শতাংশ। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ৩৭ ডলার ৩৪ সেন্টে। প্লাটিনামের দাম দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৩২০ ডলার ১৯ সেন্টে। গতকাল প্যালাডিয়ামের দাম দশমিক ২ শতাংশ কমেছে। আউন্সপ্রতি মূল্য নেমেছে ১ হাজার ২০৫ ডলার ৯৩ সেন্টে।

এদিকে স্বর্ণের মূল্য নিয়ে দেয়া পূর্বাভাস সংশোধন করেছে সিটি গ্রুপ। গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে ব্যাংকটি জানায়, আগামী তিন মাসে স্বর্ণের দাম পৌঁছতে পারে আউন্সপ্রতি ৩ হাজার ৫০০ ডলারে। এর আগে দেয়া প্রাক্কলনে যা ছিল আউন্সপ্রতি ৩ হাজার ৩০০ ডলার।

খাতসংশ্লিষ্টরা জানান, যুক্তরাষ্ট্রের আর্থিক প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতিসংক্রান্ত দুর্বল পূর্বাভাসের কারণে স্বর্ণের দাম নিয়ে দেয়া প্রাক্কলন সংশোধন করা হয়েছে।

সিটিগ্রুপ বলছে, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধ জুড়ে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি ও শুল্ক সম্পর্কিত মূল্যস্ফীতি উচ্চ মাত্রায় থাকবে। এছাড়া ডলারের বিনিময় হার কমে যাওয়ায় স্বর্ণের দাম নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছতে পারে।’

আরও