বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বাণিজ্য সংকট কাটিয়ে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। তার মতে, প্রয়োজনীয় পদক্ষেপ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বহু গুণে বাড়ানো সম্ভব।
রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে গতকাল এক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।
বৈঠকে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ইতিবাচক সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছে, যা ব্যবসায়ীদের মধ্যেও আগ্রহ বাড়িয়েছে। পর্যটন, সংস্কৃতি, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতার মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে।’
তিনি জানান, পাকিস্তান থেকে খাতভিত্তিক ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়মিতভাবে বাংলাদেশ সফরে আসবে, যাতে সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করা যায়।
চট্টগ্রাম সফরের অভিজ্ঞতা তুলে ধরে জাম কামাল খান বলেন, ‘বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প পাকিস্তানের জন্য আকর্ষণীয় হতে পারে। এছাড়া নির্মাণ সামগ্রী আমদানির ক্ষেত্রেও সহযোগিতার সুযোগ রয়েছে।’ দ্বিপক্ষীয় বাণিজ্যের পাশাপাশি আফ্রিকা ও মধ্য এশিয়ার বাজার ধরতে ত্রিপক্ষীয় বাণিজ্য উদ্যোগে বাংলাদেশ-পাকিস্তান একসঙ্গে কাজ করতে পারে বলেও তিনি মত দেন।
সভাপতির বক্তব্যে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, ‘দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি থাকলেও ধীরে ধীরে সহযোগিতা বাড়ছে। ভবিষ্যতে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে।’
বৈঠকে এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, বাংলাদেশ সিএনজি মেশিনারিজ ইম্পোর্টারস অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন নয়ন, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক খন্দকার রুহুল আমিন, ব্যবসায়ী নেতা নিয়াজ আলী চিশতীসহ অন্যরা বক্তব্য দেন।
সভায় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক গিয়াসউদ্দিন চৌধুরী খোকন, আবুল হোসেন, আবু হোসেন ভুঁইয়া (রানু), আন্তর্জাতিক উইং প্রধান মো. জাফর ইকবাল, সেফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শহীদউল্লাহ এবং ঢাকায় পাকিস্তান হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাশে জেইন আজিজ।