চলতি বছরের বাকি সময় পাম অয়েলের দাম থাকবে টনে ৪ হাজার রিঙ্গিত

চলতি বছরের বাকি সময়জুড়ে অপরিশোধিত পাম অয়েলের দাম টনপ্রতি ৪ হাজার রিঙ্গিতে (৯৪৬ ডলার ৫২ সেন্ট) স্থিতিশীল থাকতে পারে।

চলতি বছরের বাকি সময়জুড়ে অপরিশোধিত পাম অয়েলের দাম টনপ্রতি ৪ হাজার রিঙ্গিতে (৯৪৬ ডলার ৫২ সেন্ট) স্থিতিশীল থাকতে পারে। সম্প্রতি মালয়েশিয়ার অন্যতম পাম অয়েল প্লান্টেশন প্রতিষ্ঠান এসডি গুত্রি বারহাদ এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে। খবর হেলেনিক শিপিং নিউজ।

এসডি গুত্রির ব্যবস্থাপনা পরিচালক মোহামাদ হেলমি ওসমান বাসা বলেন, ‘‌ইন্দোনেশিয়ার বায়োডিজেলে পাম অয়েলের বাধ্যতামূলক ব্যবহার সামনের দিনগুলোয় ভোজ্যতেলটির দাম নির্ধারণে অন্যতম ভূমিকা রাখবে।’

এদিকে বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে অক্টোবরে সরবরাহের জন্য গত সপ্তাহের লেনদেনের শেষদিনে টনপ্রতি পাম অয়েলের দাম বেড়েছে ১৪ রিঙ্গিত বা দশমিক ৩৩ শতাংশ। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৪ হাজার ২৫৪ রিঙ্গিতে (প্রায় ১ হাজার ৪ ডলার)। এছাড়া গত সপ্তাহজুড়ে পাম অয়েলের দাম বেড়েছে দশমিক ২১ শতাংশ।

ব্রোকারেজ প্রতিষ্ঠান পেলিনডুং বেস্টারির পরিচালক পরমালিঙ্গম সুপ্রমনিয়াম বলেন, ‘চলতি মাসে অপরিশোধিত পাম অয়েল ও পাম অয়েলজাত পণ্যের চাহিদা কিছুটা বাড়তে পারে। আগস্টে চাহিদা জুলাইয়ের তুলনায় বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে।’

আরও