চট্টগ্রামে বিসিকের চাকরি মেলায় তাৎক্ষণিক নিয়োগ পেলেন ৩২৩ জন

অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রযুক্তির ব্যবহার ও উদ্যোক্তাদের সঙ্গে ক্রেতাদের সংযোগ স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করাকে গুরুত্ব দেয়া হচ্ছে।

দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টিতে নতুন চালিকাশক্তি হয়ে উঠতে চায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। এরই অংশ হিসেবে গতকাল চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজন করা হয় ‘বিসিক জব অ্যান্ড ক্যারিয়ার ফেয়ার-২০২৬’। এতে অংশ নিয়ে তাৎক্ষণিকভাবে চাকরি পেয়েছেন ৩২৩ জন। মেলায় প্রায় পাঁচ হাজার চাকরিপ্রার্থীর সমাগম হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২ হাজার ২০০টি শূন্য পদের বিপরীতে জমা পড়ে ৩ হাজার ১৪৭টি জীবনবৃত্তান্তসহ চাকরির আবেদন।

প্রধান অতিথি হিসেবে চাকরি মেলার উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ। এ সময় তিনি বলেন, ‘বিসিকের ধারণা অনেক পুরনো হলেও আধুনিক সময়ের চাহিদা অনুযায়ী শিল্পনগরীগুলোর কর্মকাণ্ড যুগোপযোগী করা হচ্ছে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রযুক্তির ব্যবহার ও উদ্যোক্তাদের সঙ্গে ক্রেতাদের সংযোগ স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করাকে গুরুত্ব দেয়া হচ্ছে।’ চাকরি মেলার মতো উদ্যোগ বাড়ানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে বিসিক নতুন চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, ‘সরকারি পর্যায়ে চাকরি মেলার মতো আয়োজন নতুন ধারণা।’ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে কাজ করা বিসিক ভবিষ্যতে এ ধরনের আরো উদ্যোগ নিলে তা বাস্তবায়নে চট্টগ্রাম চেম্বার সহযোগিতা করবে বলেও জানান তিনি।

বিসিকের আঞ্চলিক পরিচালক খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। তিনি বলেন, ‘বিসিক দেশের অনেক সফল শিল্প গ্রুপের জন্ম দিয়েছে। ছোট-বড় শিল্প গ্রুপগুলো এগিয়ে এলে কর্মসংস্থান বাড়বে এবং অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে।’

মেলায় বস্ত্র ও বস্ত্রজাত পণ্য, খাদ্য ও খাদ্যজাত পণ্য, ওষুধ, প্যাকেজিং, প্লাস্টিক ও প্লাস্টিকজাত পণ্য এবং রাসায়নিক শিল্পসহ সাতটি খাতের প্রতিষ্ঠান অংশ নেয়।

অনুষ্ঠানে বিসিকের পরিচালক (প্রশাসন) মুহাম্মদ কামরুজ্জামান এবং চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভারপ্রাপ্ত সভাপতি লুৎমিলা ফরিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও