ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স পিএলসির চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সমন্বিত সুদ আয় বেড়েছে ১৮ শতাংশ। একই প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে প্রায় ৪৪ শতাংশ। কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের সমন্বিত সুদ আয় হয়েছে ৩৯৪ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩৩৪ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫১ কোটি টাকা, আগের হিসাব বছরে যেখানে নিট মুনাফা ছিল ৩৫ কোটি টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৪৩ দশমিক ৬৪ শতাংশ।
চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৫ পয়সা। ৩১ মার্চ ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৪৮ পয়সা।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্সের ইপিএস হয়েছে ৪ টাকা ৮২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৬৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৮ টাকা ২৬ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩ জুন বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্সের ইপিএস হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরের যা ছিল ৪ টাকা ৬১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৪৫ টাকা ৭১ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল আইডিএলসির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৬১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৩ টাকা ৫৬ পয়সায়।
কোম্পানিটির সর্বশেষ সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৪১৫ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৩৫৮ কোটি ২১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪১ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৪৮৪। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫৬ দশমিক ৬৬ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ২৮ দশমিক ১২ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৩৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৪ দশমিক ৮৫ শতাংশ শেয়ার রয়েছে।