ওনাম উৎসবকে ঘিরে ভারতে বেড়েছে নারকেল তেলের দাম

ভারতের ঐতিহ্যবাহী উৎসব ওনাম শুরু হচ্ছে আজ। এ উৎসবকে কেন্দ্র করে দেশটিতে আবার বাড়তে শুরু করেছে নারকেল তেলের দাম। গত কয়েক মাস বাজার নিম্নমুখী ছিল।

তবে উৎসবের অতিরিক্ত চাহিদাকে কাজে লাগিয়ে পাইকারি বাজারে নারকেল তেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। খবর দ্য বিজনেসলাইন।

ভারতের কেরালা রাজ্যে বর্তমানে প্রতি কেজি নারকেল তেল পাইকারিতে বিক্রি হচ্ছে প্রায় ২৬০ রুপি বা ২ ডলার ৭২ সেন্টে। অন্যদিকে পার্শ্ববর্তী তামিলনাড়ুতে বিক্রি হচ্ছে ২৪২ রুপি বা ২ ডলার ৫৪ সেন্টে। এর পাশাপাশি তেল তৈরির প্রধান কাঁচামাল শুকানো নারকেল বা কোপরার দামও ঊর্ধ্বমুখী। কেরালায় প্রতি কেজি কোপরা বিক্রি হচ্ছে ১ ডলার ৭৬ সেন্টে (১৬৮ রুপি) ও তামিলনাড়ুতে ১ ডলার ৭১ সেন্টে (১৬৩ রুপি)। বাজারে বর্তমানে কাঁচা নারকেলের কেজি প্রায় ৬৫ রুপি বা ৬৮ সেন্ট।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে কাঁচামালের কোনো সংকট নেই। প্রতিবেশী রাজ্যের একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। উৎসবের বাড়তি চাহিদাকে কাজে লাগিয়ে বেশি মুনাফা লাভের আশায় তারা কোপরা মজুদ করছে।

তবে হঠাৎ মূল্যবৃদ্ধির পর কেনাবেচা কমায় বাজার কিছুটা স্থির হয়েছে। সরকারি ক্রয়কারী সংস্থাগুলো কেনাকাটা সাময়িকভাবে বন্ধ রাখায় মিল মালিকরা তেলের দাম কিছুটা কমাতে বাধ্য হয়েছেন।

কোচিন অয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (কোমা) সভাপতি থালাথ মাহমুদ জানান, রাজ্যগুলোয় এখন নারকেলের ভালো ফলন ও সংগ্রহ মৌসুম চলছে। ফলে বাজারে কোপরার পর্যাপ্ত সরবরাহ রয়েছে। অযৌক্তিকভাবে দাম বাড়ানো হয়েছে। উৎসব শেষ হলেই তেলের দাম আবার কমে আসবে।

খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানান, প্রতি বছর ওনাম উৎসবকে ঘিরে বাজারে নারকেল তেলের চাহিদা প্রায় ১০-২০ শতাংশ পর্যন্ত বাড়ে। এ সময় রান্নাবান্না, মিষ্টান্ন ও জলখাবার তৈরির জন্য প্রচুর নারকেল তেলের প্রয়োজন হয়। তবে গত বছর পোকার আক্রমণ ও বৈরী আবহাওয়ায় যে সংকট তৈরি হয়েছিল, এবার সে পরিস্থিতি নেই। ২০২৫ সালের জুলাইয়ে নারকেল তেলের কেজি রেকর্ড ৫০০ রুপি বা ৫ ডলার ২৪ সেন্ট ছাড়িয়েছিল। এরপর গণেশ চতুর্থী ও শবরীমালাসহ আসন্ন বিভিন্ন উৎসবের কারণে তেলের চাহিদা আরো কিছুদিন বেশি থাকবে। তবে এবার সরবরাহ ভালো থাকায় তেলের দাম অতিরিক্ত বাড়ার কোনো সম্ভাবনা নেই।

আরও