স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের বাংলাদেশী রিসেলার (সেবা বিক্রেতা) হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। রাজধানীর একটি হোটেলে গতকাল এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
এ সময় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘এখন থেকে আর কোনো সরকার নির্বিচারে জনগণকে বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন করার ক্ষমতা রাখবে না। এ লক্ষ্যে ইন্টারনেট বন্ধে সরকারের একচেটিয়া ক্ষমতা প্রতিরোধে একটি নতুন আইন প্রণয়নের কাজ চলছে, যা দ্রুতই কার্যকর হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ আজ এক নতুন যুগে প্রবেশ করেছে। ইন্টারনেট এখন আর বিলাসিতা নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার। স্টারলিংক সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত, দুর্গম ও অনগ্রসর এলাকাগুলোয় উচ্চগতির ইন্টারনেট পৌঁছাবে, যা শিক্ষা, স্বাস্থ্যসেবা, ই-কমার্স, রিমোট কর্মসংস্থান ও ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন স্পেসএক্সের গ্লোবাল বিজনেস অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। তিনি বলেন, ‘বাংলাদেশ এমন একটি দেশ, যারা দেখিয়েছে কীভাবে সাহসী ও দূরদর্শী নেতৃত্ব প্রযুক্তিকে বাস্তবে রূপ দেয়। ফেব্রুয়ারিতে আলোচনা শুরু হয়, মে মাসে অনুমোদন সম্পন্ন হয়, আর আজ সেবা চালু হলো—এমন দ্রুত অগ্রগতি আমরা বিশ্বের খুব কম দেশেই দেখি।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) জহিরুল ইসলাম, আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. ইমাদুর রহমান এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন।