যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সাম্প্রতিক বাণিজ্য আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। আলোচনার পর পরই ভারতীয় পরিশোধনকারী কোম্পানিগুলো রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি প্রায় ৫০ শতাংশ কমাতে শুরু করেছে। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে গতকাল প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তবে ভারতের সরকারি সূত্র জানিয়েছে, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি কতটা কমানো হয়েছে তার নির্দিষ্ট হিসাব এখনো পাওয়া যায়নি। ডিসেম্বর বা জানুয়ারির আমদানি পরিসংখ্যানে এর প্রভাব প্রতিফলিত হতে পারে। নভেম্বরে সরবরাহের জন্য এরই মধ্যে দেয়া কিছু অর্ডার ডিসেম্বরেও এসে পৌঁছাবে। ফলে তাৎক্ষণিক পরিবর্তন দেখা না যাওয়াই স্বাভাবিক।
সূত্রগুলো আরো জানায়, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি কমানোর কোনো আনুষ্ঠানিক নির্দেশ এখনো ভারতীয় সরকার পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোকে জানায়নি।
এ বিষয়ে ভারতের জ্বালানি তেল মন্ত্রণালয় ও রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিকারী প্রধান পরিশোধনাগারগুলোর সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পায়নি রয়টার্স ।
ভারত ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া থেকে জ্বালানি তেল প্রধান ক্রেতা দেশ হিসেবে পরিচিতি পায়। পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়া উল্লেখযোগ্য ছাড়ে তেল বিক্রি শুরু করলে আমদানি বাড়ায় ভারত। তবে সাম্প্রতিক মার্কিন কূটনৈতিক চাপ ও বৈশ্বিক জ্বালানি বাজারের পরিবর্তন এ প্রবণতায় নতুন মোড় আনছে বলে মনে করছেন বিশ্লেষকরা।