সিমেন্ট খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নিট মুনাফা কমেছে সাড়ে ১৪ শতাংশ। মূলত জ্বালানি খরচ বেড়ে যাওয়া ও সিমেন্টের মূল্য হ্রাসের কারণে কোম্পানিটির মুনাফা কমেছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে লাফার্জহোলসিম বাংলাদেশের নিট বিক্রি হয়েছে ৮৫১ কোটি ৫০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮২৫ কোটি ৭০ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির বিক্রি বেড়েছে ৩ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৩৯ কোটি ১০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৬২ কোটি ৭০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১৪ দশমিক ৫১ শতাংশ।
প্রথম প্রান্তিকে লাফার্জহোলসিমের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪০ পয়সা। কোম্পানিটির কর্মকর্তারা বলছেন, জ্বালানি খরচ বৃদ্ধি ও সিমেন্টের দাম কমে যাওয়ায় কোম্পানিটির পরিচালন মুনাফা কমেছে ১৬ শতাংশ।
লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী ইকবাল চৌধুরী কোম্পানির আর্থিক ফলাফল সম্পর্কে বলেন, ‘লাফার্জহোলসিমের প্রধান দুটি ব্যবসা খাত সিমেন্ট ও অ্যাগ্রিগেটস থেকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে বিক্রির পরিমাণ বেড়েছে। আমাদের দুটি বিশেষায়িত পণ্য “ওয়াটার প্রোটেক্ট” ও “ফেয়ার ফেস” এ প্রান্তিকে ২৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। তবে বাড়তি জ্বালানি খরচ ও সিমেন্টের দাম কমে যাওয়ায় আমাদের মুনাফা কমেছে। এ চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আমরা ব্যয় সংকোচন ও কৌশলগত মূল্য নির্ধারণের উদ্যোগ নিয়েছি। বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা ও সামনের দিনগুলোয় ভালো ফলাফল উপহার দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।’
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য মোট ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৯ শতাংশ চূড়ান্ত নগদ ও ১৯ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ১২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ১ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ১২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ১৪ পয়সায়।
সুইজারল্যান্ডভিত্তিক হোলসিম গ্রুপ ও স্পেনভিত্তিক সিমেন্টোস মলিন্স গ্রুপের যৌথ উদ্যোগ লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৩ সালে। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার ৪০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১৬১ কোটি ৩৭ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৬১ কোটি ৩১ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০০। এর মধ্যে ৬৩ দশমিক ৯৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২১ দশমিক শূন্য ৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৮৩ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ১৪ দশমিক ১১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।