চলতি বছর বিদেশে রেকর্ড এক কোটি গাড়ি বিক্রির পথে চীন

সিপিসিএর হিসাবে, ২০২৬ সালে বিদেশে চীনা গাড়ির বিক্রি গত বছরের তুলনায় ৪৪ শতাংশ বাড়তে পারে।

বিদেশের বাজারে চীনা গাড়ি নির্মাতাদের উপস্থিতি দ্রুত বাড়ছে। চলতি বছর চীনের বাইরে দেশটির তৈরি গাড়ি বিক্রি রেকর্ড ১ কোটি ২০ লাখ ছাড়াতে পারে। বছরের প্রথম আট মাসের বিক্রির তথ্য বিশ্লেষণ করে এমন পূর্বাভাস দিয়েছে চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশন (সিপিসিএ)। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।

সিপিসিএর হিসাবে, ২০২৬ সালে বিদেশে চীনা গাড়ির বিক্রি গত বছরের তুলনায় ৪৪ শতাংশ বাড়তে পারে। গত বছর চীনের বাইরে গাড়ি বিক্রি হয়েছিল ৮৩ লাখ ইউনিট। নতুন পূর্বাভাস অনুযায়ী, এ বছর তা ১ কোটি ২০ লাখ ছাড়িয়ে যেতে পারে।

বিদেশে ব্যবসা সম্প্রসারণে নেতৃত্ব দিচ্ছে বিওয়াইডি, চেরি অটোমোবাইলসহ বড় কোম্পানিগুলো। ইউরোপ ও আফ্রিকার মতো বাজারেও এসব কোম্পানি এখন শক্ত অবস্থান তৈরি করছে। বাজারটি একসময় ফক্সওয়াগনের মতো পশ্চিমা গাড়ি নির্মাতাদের দখলে ছিল।

চীনের গাড়ির বাজারে অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় কোম্পানিগুলো বিদেশে বেশি গুরুত্ব দিচ্ছে। সিপিসিএর মহাসচিব চুই দংশু বলেন, ‘দেশের দুর্বল বাজার গাড়ি নির্মাতাদের রফতানি বাড়াতে উৎসাহিত করছে। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিদেশে গাড়ি বিক্রির প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়েও বেশি হয়েছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকার বাজারে বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে।’

সিপিসিএর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে চীনের মূল ভূখণ্ডের বাইরে গাড়ি সরবরাহ ৫১ শতাংশ বেড়ে হয়েছে ৭৪ লাখ ৫০ হাজার ইউনিট। এ হিসাবের মধ্যে চীনে তৈরি গাড়ি রফতানি ও বিদেশে থাকা কারখানায় তৈরি চীনা ব্র্যান্ডের গাড়ির তথ্যও রয়েছে।

বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ক্ষেত্রেও চীনের কোম্পানিগুলো দ্রুত অগ্রসর হচ্ছে। বছরের প্রথম আট মাসে চীনে তৈরি ইভি রফতানি ৭০ শতাংশ বেড়ে ৩৪ লাখ ৬০ হাজার ইউনিটে পৌঁছেছে।

চীনের সবচেয়ে বড় ইভি নির্মাতা বিওয়াইডির বিদেশে বিক্রিও দ্রুত বাড়ছে। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বাইরের বাজারে কোম্পানিটির বিক্রি ৮৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ১১ লাখ ৬০ হাজার ইউনিট ছাড়িয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন চেরির রফতানিও বেড়েছে উল্লেখযোগ্য হারে। প্রথম আট মাসে কোম্পানিটির বিদেশে গাড়ি বিক্রি ৬৮ দশমিক ২ শতাংশ বেড়ে ১৩ লাখ ৪০ হাজার ইউনিটে উঠেছে। এর আগে চেরি চলতি বছর বিদেশে ১৫ লাখ গাড়ি বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছিল।

২০২৩ সালে জাপানকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি রফতানিকারক দেশ হয়ে ওঠে চীন। বিদেশে বিক্রি বাড়ায় দেশের অভ্যন্তরীণ বাজারের দুর্বলতাও কিছুটা সামাল দিতে পারছে কোম্পানিগুলো। এদিকে চলতি বছরের প্রথম আট মাসে চীনের অভ্যন্তরীণ গাড়ি বিক্রি ২০ শতাংশ কমে ১ কোটি ১৭ লাখ ইউনিটে নেমেছে।

প্রতিবেদন অনুযায়ী, বিদেশের বাজারে চীনা গাড়ির দাম সাধারণত দেশের বাজারের তুলনায় বেশি। ফলে বাইরে প্রতি গাড়িতে প্রায় ২০ হাজার ইউয়ান বা ২ হাজার ৯৭৫ ডলার নিট মুনাফা করতে পারে চীনা গাড়ি নির্মাতারা। জেপিমরগ্যানের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অটো গবেষণাপ্রধান নিক লাইয়ের হিসাবে, স্থানীয় বাজারের তুলনায় এ মুনাফা প্রায় চার গুণ।

আরও