কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আইএলওর

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর টুমো পাউটিয়েনেন।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর টুমো পাউটিয়েনেন। এ সময় তিনি কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিকের অধিকার, শ্রম আইন সংস্কার এবং পরিবেশগত সাসটেইনেবিলিটিসহ বাংলাদেশের পোশাক শিল্পে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্য আ ন ম সাইফুদ্দিনও উপস্থিত ছিলেন। বৈঠকে আইএলওর নেতৃত্বে চলমান বিভিন্ন উদ্যোগ, বিশেষত বেটার ওয়ার্ক বাংলাদেশ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, কাজের পরিবেশ উন্নত করা এবং পোশাক কর্মীদের জন্য পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বেটার ওয়ার্ক বাংলাদেশ কর্মসূচি পরিচালিত হচ্ছে। আলোচনায় আইএলওর কান্ট্রি ডিরেক্টর ও বিজিএমইএর প্রশাসক উভয়েই পোশাক শিল্পে নিরাপদ, ন্যায্য ও আরো টেকসই কর্মক্ষেত্র তৈরির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর জোর দেন।

বৈঠকে বিজিএমইএর পক্ষ থেকে বাংলাদেশের পোশাক খাতের জন্য সামাজিক সংলাপ এবং শিল্প সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রকল্প গ্রহণের বিষয় বিবেচনা করার জন্য আইএলওর প্রতি আহ্বান জানানো হয়।

আরও