বেপজা অর্থনৈতিক অঞ্চল

ইউএই-বাংলাদেশের যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১ কোটি ডলার বিনিয়োগ করবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাংলাদেশের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এর মাধ্যমে একটি ফাইবার রিইনফোর্সড পলিমার কম্পোজিট প্রডাক্টস, স্টিল ফ্রেম ও অ্যাকসেসরিজ উৎপাদন কারখানা স্থাপন করা হবে। এ লক্ষ্যে সম্প্রতি ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে লিজ চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। এ সময় বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং ইন্টিগ্রেটেড কম্পোজিট ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান কামরুল হাসান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

বেপজা গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইন্টিগ্রেটেড কম্পোজিট ইন্ডাস্ট্রিজ ফাইবার রিইনফোর্সড পলিমার দিয়ে আধুনিক বাথটাব, যাকুজ্জি, প্যানেল ট্যাংক তৈরি করবে। এজন্য সব ধরনের ফাইবার রিইনফোর্সড পলিমার কম্পোজিট পণ্য এবং অ্যাকসেসরিজ, মোল্ড ও প্যাটার্ন উৎপাদন করা হবে। জাহাজ নির্মাণ ও ক্রুজ শিল্পে বিদ্যমান উল্লেখযোগ্য চাহিদা পূরণের লক্ষ্যে বছরে ৬ হাজার ১৭৪ টন পণ্য উৎপাদনের পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি, যার অধিকাংশই দুবাইয়ে রফতানি করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও