দীর্ঘ ২২ বছর বন্ধ থাকার পর বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল মিল পুনরায় চালু করে মাত্র ছয় মাসে দুই হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে প্রাণ-আরএফএল। এ উপলক্ষে গতকাল কারখানা প্রাঙ্গণে ‘দুই হাজার কর্মসংস্থান উদযাপন; লক্ষ্য ১২ হাজার’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব এএইচএম সফিকুজ্জামান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং বাংলাদেশ টেক্সটাইল মিল করপোরেশনের ব্যবস্থাপক নুরুল আলম উপস্থিত ছিলেন।