ভারতে পাম অয়েল আমদানি কমেছে

ভারতের পাম অয়েল আমদানি সেপ্টেম্বরে চার মাসের সর্বনিম্নে নেমে এসেছে।

ভারতের পাম অয়েল আমদানি সেপ্টেম্বরে চার মাসের সর্বনিম্নে নেমে এসেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশটির পরিশোধনকারী কোম্পানিগুলো তুলনামূলক সস্তা সয়াবিন তেলের ব্যবহার বাড়িয়েছেন। এ কারণে কমে এসেছে পাম অয়েলের দাম। মুম্বাইয়ের পাঁচজন ব্যবসায়ী সূত্রে এ তথ্য পাওয়া গেছে। খবর বিজনেস রেকর্ডার।

সূত্রের দেয়া তথ্যানুযায়ী, সেপ্টেম্বরে ভারতে পাম অয়েল আমদানি মাস ভিত্তিতে ১৫ দশমিক ৯ শতাংশ কমেছে। এ সময় মোট আমদানির পরিমাণ নেমে এসেছে ৮ লাখ ৩৩ হাজার টনে, যা গত মে মাসের পর সর্বনিম্ন। একই সময় দেশটিতে সয়াবিন তেল আমদানি ৩৭ দশমিক ৩ শতাংশ বেড়ে ৫ লাখ ৫ হাজার টনে দাঁড়িয়েছে, যা ২০২২ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। এছাড়া এ সময় সূর্যমুখী তেলের আমদানি ৫ দশমিক ৮ শতাংশ বেড়ে ২ লাখ ৭২ হাজার টনে পৌঁছেছে।

সূত্র আরো জানায়, সেপ্টেম্বরে ভারতের মোট ভোজ্যতেল আমদানি ১৬ লাখ ১০ হাজার টনে নেমে এসেছে, যা আগের মাসের তুলনায় দশমিক ৭ শতাংশ কম।

মুম্বাইভিত্তিক ভেজিটেবল অয়েল ব্রোকার সানভিন গ্রুপের সিইও সন্দীপ বাজোরিয়া বলেন, ‘বর্তমানে পাম অয়েল সয়াবিন তেলের তুলনায় বেশি দামি। তাই পরিশোধনকারী কোম্পানিগুলো সয়াবিন তেল ব্যবহার করছে। উৎসবের আগে জুন-আগস্ট পর্যন্ত ভারত উল্লেখযোগ্য পরিমাণে পাম অয়েল আমদানি করেছে। তাই দেশটিতে মজুদ পর্যাপ্ত আছে।’

এছাড়া গত সেপ্টেম্বরে ভারত প্রায় ১১ হাজার টন সয়াবিন তেল চীনের কাছ থেকে আমদানি করেছে, যা দীর্ঘ সময় পর প্রথম।

আরও