বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) খাতে চীনা কোম্পানিগুলোর চোখ ধাঁধানো সাফল্যে নতুন পালক যোগ করল বিওয়াইডি। বিশ্বের এ শীর্ষ ইভি নির্মাতা কোম্পানির বিক্রি প্রথমবারের বার্ষিক ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেল। কয়েক বিলিয়ন ডলার ব্যবধানে বিওয়াইডির পেছনে পড়ে রইল মার্কিন প্রতিদ্বন্দ্বী টেসলা। খবর বিবিসি ও আনাদোলু।
এক বিবৃতি অনুসারে, ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বিওয়াইডির আয় ৫২ দশমিক ৭ শতাংশ বেড়ে ২৭ হাজার ৪৯০ কোটি ইউয়ান বা ৩ হাজার ৮০০ কোটি ডলারে পৌঁছেছে। একই সময় কোম্পানির নিট মুনাফা ৭৩ দশমিক ১ শতাংশ বেড়ে ২১০ কোটি ডলারে দাঁড়িয়েছে।
পুরো বছরের হিসেবে দেখা যাচ্ছে, ২০২৪ সালে বিওয়াইডির বিক্রি আগের বছরের তুলনায় ২৯ শতাংশ বেড়ে হয়েছে ৭৭ হাজার ১১০ কোটি ইউয়ান বা ১০ হাজার ৭০০ কোটি ডলার। এ সময় নিট মুনাফা ৩৪ শতাংশ বেড়ে হয়েছে ৫৪০ কোটি ডলার।
এর মাধ্যমে ডলারের হিসেবে বিওয়াইডির বিক্রি প্রথমবারের মতো ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার অতিক্রম করেছে। এর বিপরীতে গত বছর টেসলার বিক্রি ছিল ৯৭ দশমিক ৭ বিলিয়ন বা ৯ হাজার ৭৭০ কোটি ডলার।
গত বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপে টেসলার বিক্রি কমতে থাকে। এতে অনুঘটক হিসেবে কাজ করেছে কোম্পানিটির মালিক ইলোন মাস্কের রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক। বছর শেষে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন এ ধনকুবের।
প্রতিবেদন অনুসারে, গত বছর বিওয়াইডি পুরোপুরি ইভি বা হাইব্রিড মিলিয়ে ৪২ লাখ ৭০ হাজার গাড়ি বিক্রি করেছে। চলতি বছর যা ৫০-৬০ লাখ ইউনিটে পৌঁছতে পারে। অবশ্য পুরোপুরি ইভি হিসাব করলে এ বিভাগে গত বছর প্রায় একই পরিমাণ গাড়ি বিক্রি করেছে দুই কোম্পানি। ওই সময় বিওয়াইডি ও টেসলার ইভি বিক্রির পরিমাণ যথাক্রমে ১৭ লাখ ৬০ হাজার ও ১৭ লাখ ৯০ হাজার ইউনিট।
এদিকে বিওয়াইডি সম্প্রতি কম দামের গাড়ি চালু করেছে। এতে চীনে দীর্ঘ সময় ধরে বিক্রির শীর্ষের থাকা টেসলার মডেল থ্রি বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে।
নতুন এ মডেলের নাম কিন এল। চীনে গাড়িটির প্রারম্ভিক মূল্য ১ লাখ ১৯ হাজার ৮০০ ইউয়ান। অন্যদিকে টেসলার মডেল থ্রির প্রারম্ভিক মূল্য ২ লাখ ৩৫ হাজার ৫০০ ইউয়ান। বর্তমানে চীনা গ্রাহকরা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে ব্যয় কমাচ্ছেন, বিষয়টি সামনে রেখে কিন এল বাজারে আনল বিওয়াইডি। গত সপ্তাহে কোম্পানির প্রতিষ্ঠাতা ওয়াং চুয়ানফু নতুন ব্যাটারি প্রযুক্তি ঘোষণা করেছেন, যা ৫ মিনিটের মধ্যে ইভি চার্জ করতে সক্ষম হবে। অন্যদিকে টেসলার সুপারচার্জার সিস্টেম ব্যবহার করে চার্জ করতে প্রায় ১৫ মিনিট সময় লাগে।
গত মাসে বিওয়াইডি জানিয়েছিল, উন্নত ড্রাইভার-অ্যাসিস্ট্যান্স প্রযুক্তি ‘গডস আই’ সব মডেলে বিনামূল্যে ব্যবহার করতে দেবে।
এমন এক সময় বিওয়াইডির মাইলফলক অর্জনের খবর সামনে এল যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাস্কের সম্পর্ক সূত্রে খারাপ সময় পার করছে টেসলা। ফেডারেল সরকারের ব্যয় কমাতে গিয়ে হাজার হাজার ছাঁটাইয়ের পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া জার্মানি ও যুক্তরাজ্যে রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন। অন্যদিকে চীনা ইভি নির্মাতারা পশ্চিমা দেশগুলোয় শুল্কবাধার সম্মুখীন হচ্ছেন, এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান প্রধান বাজার অন্তর্ভুক্ত।