সপ্তাহজুড়ে সয়াবিনের দাম বেড়েছে প্রায় ১ শতাংশ

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল সয়াবিনের দাম কিছুটা কমেছে। তবে সপ্তাহজুড়ে তেলবীজটির বাজারদর প্রায় ১ শতাংশ বেড়েছে।

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল সয়াবিনের দাম কিছুটা কমেছে। তবে সপ্তাহজুড়ে তেলবীজটির বাজারদর প্রায় ১ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে সয়াবিন আমদানি বড় আলোচ্য বিষয় হবে। এতে সামনের দিনগুলোয় দাম বাড়তে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা। খবর বিজনেস রেকর্ডার।

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল সয়াবিনের চুক্তি মূল্য কমেছে দশমিক ২ শতাংশ। প্রতি বুশেলের (৬০ পাউন্ড) মূল্য স্থির হয়েছে ১০ ডলার ২১ সেন্টে। তবে পুরো সপ্তাহজুড়ে সয়াবিনের দাম বেড়েছে দশমিক ৮ শতাংশ।

ব্যবসায়ীরা জানিয়েছেন, ট্রাম্পের মন্তব্যের পর থেকে বিনিয়োগ তহবিলগুলো শুধু সয়াবিন নয়, ভুট্টা ও গমেও ব্যাপক ক্রয় বাড়িয়েছে। তবে বৈঠক কয়েক সপ্তাহ পর অনুষ্ঠিত হওয়ার কথা। উপরন্তু মার্কিন সরকারের অচলাবস্থার কারণে সরবরাহ ও চাহিদার তথ্য প্রকাশ বিলম্বিত হচ্ছে। তাই বাজারে এখনো নিম্নমুখী প্রবণতা বহাল রয়েছে বলে মনে করছেন রাবোব্যাংকের বিশ্লেষক ভিক্টর পিস্তোয়া।

এর আগে শুল্কের প্রভাবে চীন দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি কমিয়ে দিয়েছিল। এতে মার্কিন কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিলেন। কিন্তু ট্রাম্প ঘোষণা দিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে সয়াবিন আমদানির বিষয় আলোচ্য হবে। এ ঘোষণায় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে চীন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা শুরু করতে পারে, এমন ধারণা তৈরি হয়েছে, যা দাম বাড়াতে ভূমিকা রাখবে।

আরও