আবহাওয়া ও সরবরাহ সংকট

দাম বেড়েছে চিনি ও কফির, কমেছে কোকোর

আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট ও জ্বালানি তেলের দাম বাড়ায় আবার বেড়েছে অপরিশোধিত চিনির দাম।

একই সঙ্গে আবহাওয়ার বৈরী পূর্বাভাসে দাম বেড়েছে কফিরও। তবে শীর্ষ উৎপাদনকারী দেশগুলোয় উৎপাদন পরিস্থিতি ভালো হওয়ায় কিছুটা কমেছে কোকোর দাম। খবর বিজনেস রেকর্ডার।

বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) অপরিশোধিত চিনির দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি পাউন্ড ১৪ ডলার ৯৫ সেন্টে দাঁড়িয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম চিনি উৎপাদনকারী অঞ্চল ইউরোপীয় ইউনিয়নে আগামী মৌসুমে উৎপাদন প্রায় ৮-১০ শতাংশ কমতে পারে। এর প্রধান কারণ চিনি চাষ কমে যাওয়া। পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রতিকূল আবহাওয়ার কারণেও সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ার খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। তেলের দাম বাড়লে সাধারণত চিনিকলগুলো চিনি উৎপাদনের চেয়ে আখ থেকে ইথানল জ্বালানি তৈরিতে বেশি আগ্রহী হয়। ফলে বাজারে চিনির ঘাটতি দেখা দিতে পারে। এছাড়া এল নিনো আবহাওয়া পরিস্থিতির কারণেও চিনির বাজার আগামী মৌসুমে ঘাটতির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। চিনির পাশাপাশি পরিশোধিত সাদা চিনির দামও ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি টন ৪৪৭ ডলারে ঠেকেছে।

অন্যদিকে কফির বাজারে কিছুটা মিশ্র প্রবণতা দেখা গেছে। অ্যারাবিকা কফির দাম দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি পাউন্ড ২ ডলার ৬২৩ সেন্টে দাঁড়িয়েছে। শীর্ষ উৎপাদনকারী দেশ ব্রাজিলে এবার রেকর্ড কফি উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছে। দেশটির জাতীয় ফসল সংস্থা কোনাব জানিয়েছে, ২০২৬ সালে ব্রাজিলের কফি উৎপাদন গত বছরের তুলনায় ১৮ শতাংশ বেড়ে রেকর্ড ৬ কোটি ৬৭ লাখ ব্যাগে পৌঁছতে পারে। তবে বাজারে কফির মজুদ টানা কমতে থাকায় দাম খুব বেশি কমেনি। পাশাপাশি রোবাস্তা কফির দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি টন ৩ হাজার ৩৭৮ ডলার হয়েছে।

তবে কোকোর বাজারে দাম কিছুটা কমেছে। শীর্ষ উৎপাদনকারী দেশ আইভরি কোস্টে উৎপাদন পরিস্থিতির উন্নতি হওয়ায় আইসিইতে কোকোর দাম আগের সপ্তাহের সাড়ে তিন মাসের সর্বোচ্চ অবস্থান থেকে অনেকটাই নিচে নেমে এসেছে।

আরও