২০২৫ সাল

বৈশ্বিক অ্যালুমিনিয়ামের বাজার অস্থিতিশীল থাকার আশঙ্কা

বিশ্ববাজার চলতি বছর একাধিক ভূরাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যেতে পারে।

বিশ্ববাজার চলতি বছর একাধিক ভূরাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যেতে পারে। এমন আশঙ্কায় বৈশ্বিক অ্যালুমিনিয়ামের বাজার ২০২৫ সালজুড়ে অস্থিতিশীল থাকতে পারে বলে ধারণা করছেন খাতসংশ্লিষ্টরা। গত সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বাজার বিশেষজ্ঞদের মতে, ধাতব পণ্যটির বাণিজ্যে বিঘ্ন ঘটার সম্ভাব্য কারণগুলোর মধ্যে শীর্ষে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম সরবরাহ করে কানাডা ও মেক্সিকো। ২০২৪ সালের প্রথম ১১ মাসে যুক্তরাষ্ট্রের মোট প্রাইমারি অ্যালুমিনিয়াম আমদানির ৭৯ শতাংশের হিস্যা ছিল কানাডার। মেক্সিকো অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ ও অ্যালুমিনিয়াম অ্যালয় সরবরাহকারী প্রধান দেশ। ‍এ দুই দেশ থেকে আমদানিতে এরই মধ্যে বেশ কয়েকবার ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন।

যদিও বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, শুল্ক আরোপ করলেও এটি স্বল্পমেয়াদি হতে পারে। এর আগে ট্রাম্প ২০১৮ সালে অ্যালুমিনিয়াম আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। সে সময় এ সিদ্ধান্তের আওতায় তিনি প্রথমেই কানাডাকে অন্তর্ভুক্ত করেন। পরে ২০১৯ সালে তা তুলে নেয়া হয়। ২০২০ সালে পুনরায় শুল্ক আরোপের এক মাস পর তা আবার তুলে নেন তিনি।

বৈশ্বিক অ্যালুমিনিয়ামের বাজার অস্থিতিশীল হওয়ার দ্বিতীয় কারণ হতে পারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রুশ অ্যালুমিনিয়াম আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কা। এ পর্যন্ত ইউরোপীয় নীতিনির্ধারকরা রুশ অ্যালুমিনিয়াম আমদানিতে পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করেননি। তবে ২০২৫ সালে তা পরিবর্তন হতে পারে বলে ধারণা করছেন বাজারসংশ্লিষ্টরা।

এরই মধ্যে ইউরোপের দেশগুলো ধীরে ধীরে রুশ অ্যালুমিনিয়ামের ওপর নির্ভরশীলতা কমিয়ে দিয়েছে। ২০২৪ সালের প্রথম ১০ মাসে এ দেশগুলোর মোট আমদানি ৬ শতাংশে নেমে এসেছে। ২০২২ ও ২০২৩ সালে তা ছিল যথাক্রমে ১১ ও ১৯ শতাংশ।

রাশিয়ার ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা এলে ধাতব পণ্যটি রফতানিতে এশিয়ার দেশগুলোর দিকে ঝুঁকতে পারে রাশিয়া। তবে চীনে এ সময় অ্যালুমিনিয়ামের চাহিদা বাড়বে কিনা তা এখনো অনিশ্চিত। কারণ দেশটি এরই মধ্যে বার, রড ও ফয়েলের মতো অ্যালুমিনিয়াম পণ্য রফতানিতে ট্যাক্স রিবেট (পরিশোধিত করের নির্দিষ্ট অংশ ফিরিয়ে দেয়া) তুলে নিয়েছে।

এমন পরিস্থিতিতে বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, চলতি বছর চীনে অর্ধপ্রস্তুত পণ্য রফতানি কমবে। ফলে প্রাইমারি অ্যালুমিনিয়ামের আমদানি চাহিদাও বাড়তে পারে।

এছাড়া অ্যালুমিনার অতিরিক্ত দাম ও লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) অ্যালুমিনিয়ামের মজুদ পতনও বাজারে উত্তেজনা তৈরি করছে।

রাশিয়ার প্রধান অ্যালুমিনিয়াম উৎপাদনকারী কোম্পানি রুসল। প্রতিষ্ঠানটি চলতি বছর সরবরাহের পরিমাণ কমিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। গত নভেম্বরে কোম্পানিটি ঘোষণা করেছিল, অ্যালুমিনার মূল্যবৃদ্ধির কারণে তারা উৎপাদন ৬ শতাংশ কমাবে।

আরও