দুই কার্যদিবসে সূচক বেড়েছে দেড় শতাংশ

দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম ও দ্বিতীয় কার্যদিবসে সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে।

দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম ও দ্বিতীয় কার্যদিবসে সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ৬৩ শতাংশ। আর দ্বিতীয় কার্যদিবসে গতকাল সূচক দশমিক ৯০ শতাংশ বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৪২ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪ হাজার ৭৩২ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৯ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৮৬১ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১৫ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১ হাজার পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৯৮৫ পয়েন্ট।

গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, জিপিএইচ ইস্পাত ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শেয়ার।

ডিএসইতে গতকাল ৩৪৮ কোটি ৫ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২৯৮ কোটি ১১ লাখ টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়ার ৩৭৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৩২২টির, কমেছে ৩৫টির আর দর অপরিবর্তিত ছিল ১৬টির।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। ১২ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। ব্যাংক খাত ৯ দশমিক ৯ শতাংশ লেনদেন নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ৯ দশমিক ৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল বস্ত্র খাত। আর পঞ্চম অবস্থানে জ্বালানি ও বিদ্যুৎ খাতের দখলে ছিল লেনদেনের ৯ শতাংশ।

গতকাল ডিএসইতে একটি খাত বাদে সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪ দশমিক ১ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে তথ্যপ্রযুক্তি খাতে। এছাড়া মিউচুয়াল ফান্ড খাতে ৩ দশমিক ৭, জীবন বীমা খাতে ৩ এবং ভ্রমণ ও অবকাশ খাতে ২ দশমিক ৬ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল। অন্যদিকে সিমেন্ট খাতের শেয়ারে দশমিক ৫ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।

দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত কোম্পানির সূচক সিএসসিএক্স গতকাল ১৮ পয়েন্ট বেড়ে ৯৭ হাজার ২৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ৪১ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৫৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ৪৫টির আর দর অপরিবর্তিত ছিল ১১টির। গতকাল সিএসইতে ১৪ কোটি ৭ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪ কোটি ৭৭ লাখ টাকা।

আরও