এতে ব্যয় হবে ২ হাজার ৮৪১ কোটি ২২ লাখ ৮৬ হাজার ৫১২ টাকা। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া গতকাল অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় তিনটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়া হয়।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মোট সাতটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এর মধ্যে স্পট মার্কেট থেকে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় দুই কার্গো (৩৪তম ও ৩৫তম) এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন পেয়েছে। সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড এবং যুক্তরাজ্যের টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এ দুই কার্গো এলএনজি আমদানিতে এআইটিসহ মোট ব্যয় হবে ১ হাজার ৪৩৭ কোটি ৫৪ লাখ ৬৭ হাজার ৫১২ টাকা।
খাদ্য মন্ত্রণালয়ের বিবিধ দুটি প্রস্তাবে মোট ২ লাখ ৭০ হাজার টন গম আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে জিটুজি পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ৮৬৯ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে ২ লাখ ২০ হাজার টন গম আমদানির প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেয়েছে। প্রতি টন গমের আমদানি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২২ ডলার। পাশাপাশি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-৩) মাধ্যমে সিঙ্গাপুরের মেসার্স এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড থেকে ৫০ হাজার টন গম ক্রয়ের অনুমোদন দেয়া হয়। প্রতি টন ২৯৭ দশমিক ৯২ ডলার হিসেবে এতে ব্যয় হবে ১৮২ কোটি ৮৪ লাখ ৮৪ হাজার টাকা।
কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক দুটি লটে মোট ৭৫ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এর মধ্যে রাষ্ট্রীয় চুক্তির আওতায় রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রডিনটর্গ) থেকে প্রথম লটের ৩৫ হাজার টন এমওপি সার কেনা হবে। এতে ব্যয় হবে ১৬৩ কোটি ৯২ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া কানাডার কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) থেকে ১১তম লটে ১৮৭ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে আরো ৪০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেয়া হয়। দুটি লটেই প্রতি টন সারের দাম পড়ছে ৩৮০ ডলার।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে কুমিল্লা সড়ক জোনের লক্ষ্মীপুর সড়ক বিভাগের একটি বড় উন্নয়ন প্রকল্পের দুটি প্যাকেজের কাজে অনুমোদন দেয়া হয়। ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলা সংযোগকারী সড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের ডব্লিউপি-০১ প্যাকেজের কাজটি ১৩৪ কোটি ৫২ লাখ ৩ হাজার ৬৬৮ টাকা চুক্তিমূল্যে পেয়েছে এমএএইচ কনস্ট্রাকশন লিমিটেড এবং ডব্লিউপি-০২ প্যাকেজের কাজটি ১৪৬ কোটি ৪৭ লাখ ১১ হাজার ১৬ টাকা চুক্তিমূল্যে যৌথভাবে পেয়েছে আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও রিমি নির্মাণ লিমিটেড জেভি।
অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় গতকাল মোট তিনটি প্রস্তাব নীতিগত অনুমোদন পেয়েছে। এর মধ্যে ২০২৬-২৭ অর্থবছরে জিটুজি চুক্তির আওতায় সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির সঙ্গে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ইউরিয়া সার আমদানির চুক্তি স্বাক্ষরের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়া বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে চট্টগ্রামের বাঁশখালীতে এসএস পাওয়ার-১ লিমিটেড কর্তৃক স্থাপিত ১ হাজার ২২৪ মেগাওয়াট এবং বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেডের ৩০৭ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কয়লার মূল্য নির্ধারণ প্রক্রিয়া সংশোধনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। একই সভায় চট্টগ্রাম এরিয়ায় বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) সম্প্রসারণের জন্য বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের নিয়ন্ত্রণাধীন জলিল টেক্সটাইল মিলস লিমিটেড নামের মিলটি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের নীতিগত অনুমোদন দেয়া হয়।