২০২৫-২৬ মৌসুমে শস্য উৎপাদন আরো বাড়ার পূর্বাভাস আইজিসির

২০২৫-২৬ মৌসুমের (জুলাই-জুন) জন্য মোট শস্য (গম ও অন্যান্য দানাদার শস্য) উৎপাদনের পূর্বাভাস আবার সংশোধন করেছে ইন্টারন্যাশনাল গ্রেইনস কাউন্সিল (আইজিসি)।

২০২৫-২৬ মৌসুমের (জুলাই-জুন) জন্য মোট শস্য (গম ও অন্যান্য দানাদার শস্য) উৎপাদনের পূর্বাভাস আবার সংশোধন করেছে ইন্টারন্যাশনাল গ্রেইনস কাউন্সিল (আইজিসি)। সর্বশেষ ‘গ্রেইন মার্কেট রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, এ সময় গম ও যবের ফলন প্রত্যাশার তুলনায় বাড়তে পারে। এর প্রভাবে বিশ্বব্যাপী শস্য উৎপাদন পৌঁছতে পারে ২৪২ কোটি ৫০ লাখ টনে। এটি আগের মাসে দেয়া পূর্বাভাসের তুলনায় ১ কোটি ৩০ লাখ টন বেশি। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডট কম।

আইজিসির এ পূর্বাভাস বাস্তবায়ন হলে ২০২৫-২৬ মৌসুমে বিশ্বব্যাপী শস্য উৎপাদন বাড়বে আগের মৌসুমের তুলনায় ৯ কোটি ৮০ লাখ টন বা ৪ শতাংশ, যা ২০১৬-১৭ সালের পর সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধি। এ সময় গম ও ভুট্টা উৎপাদন পৌঁছতে পারে যথাক্রমে ৮২ কোটি ৭০ লাখ টন ও ১২৯ কোটি ৭০ লাখ টনে, যা রেকর্ড সর্বোচ্চ।

আইজিসি জানিয়েছে, ২০২৫-২৬ মৌসুমে বিশ্বব্যাপী শস্যের সমাপনী মজুদ আগের দেয়া পূর্বাভাসের তুলনায় ১ কোটি ২০ লাখ টন বেড়ে ৬১ কোটি ৮০ লাখ টনে পৌঁছতে পারে, যা তিন বছরের সর্বোচ্চ।

চলতি মৌসুমে গমের সরবরাহ বৃদ্ধির কারণে শস্য আমদানি-রফতানি সেপ্টেম্বরে দেয়া পূর্বাভাসের তুলনায় কিছুটা বেড়ে ৪৪ কোটি টনে দাঁড়াতে পারে।

তবে ২০২৫-২৬ মৌসুমে বিশ্বব্যাপী কমতে পারে সয়াবিন উৎপাদন। এ সময় তেলবীজটির মোট উৎপাদন দাঁড়াতে পারে ৪২ কোটি ৮০ লাখ টনে, যা সেপ্টেম্বরে দেয়া পূর্বাভাসের তুলনায় ১০ লাখ টন কম। চলতি মৌসুমে এশিয়ায় চাহিদা বৃদ্ধির কারণে সয়াবিনের আমদানি-রফতানি ২০ লাখ টন বেড়ে রেকর্ড ১৮ কোটি ৭০ লাখ টনে দাঁড়াতে পারে।

আইজিসির পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুমে বিশ্বব্যাপী চাল উৎপাদন রেকর্ড প্রবৃদ্ধি অর্জন করবে। এ সময় মোট উৎপাদন দাঁড়াতে পারে ৫৪ কোটি ২০ লাখ টনে। গত বছর বিশ্ব্যাপী মোট চাল উৎপাদন হয়েছিল ৫৪ কোটি ১০ লাখ টন।

এদিকে আইজিসির খাদ্যমূল্য সূচক গ্রেইনস অ্যান্ড অয়েলসিডস ইনডেক্স পাঁচ বছরের সর্বনিম্নে নেমে এসেছে। সামগ্রিকভাবে এ সূচক গত মাসের তুলনায় ১ দশমিক ৭ এবং ২০২৪-২৫ মৌসুমের তুলনায় ৬ শতাংশের বেশি কমেছে। সংশ্লিষ্টরা জানান, এর পেছনে মূল ভূমিকা রেখেছে গম ও চালের রফতানি মূল্যহ্রাস। উল্লেখ্য, চালের দাম গত বছরের তুলনায় ৩১ শতাংশ কমেছে।

আরও