ইউআইইউতে ২০তম শিক্ষক উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

‘কাল্টিভেটিং কমিউনিটি ইন ল্যাঙ্গুয়েজ এডুকেশন’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে দেশী-বিদেশী শিক্ষক, গবেষক ও ইংরেজি ভাষা শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইংরেজি বিভাগ, বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেল্টা) এবং জাপানের টিচার্স হেল্পিং টিচার্সের (টিএইচটি) যৌথ উদ্যোগে ২০তম শিক্ষক উন্নয়ন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‘কাল্টিভেটিং কমিউনিটি ইন ল্যাঙ্গুয়েজ এডুকেশন’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে দেশী-বিদেশী শিক্ষক, গবেষক ও ইংরেজি ভাষা শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন। তিন দিনব্যাপী এ সম্মেলন হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা হয়। এতে অনলাইন অধিবেশনের পাশাপাশি ইউআইইউ ক্যাম্পাসে সরাসরি সম্মেলন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক শিক্ষক উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

২০০৫ সালে বেল্টা ও টিএইচটির যৌথ উদ্যোগে এ সম্মেলনের যাত্রা শুরু হয়। আয়োজকদের তথ্যানুযায়ী, গত দুই দশকে এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন হাজার শিক্ষক পেশাগত উন্নয়নের সুযোগ পেয়েছেন। দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষকদের কাছে এ ধরনের সুযোগ পৌঁছে দেয়ার লক্ষ্যেই সম্মেলনটি আয়োজন করা হয়।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ‘কাল্টিভেটিং কমিউনিটি ইন ল্যাঙ্গুয়েজ এডুকেশন’ শীর্ষক প্যানেল আলোচনা। এতে সঞ্চালনা করেন জাপানের আকিতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ইন্টারন্যাশনাল লিবারেল আর্টসের ডিন এবং টিচার্স হেল্পিং টিচার্সের টিম লিডার অধ্যাপক ড. প্যাট্রিক ডোহার্টি।

আলোচনায় অংশ নেন বেল্টার সাধারণ সম্পাদক ড. মো. মহিব উল্লাহ, ইউআইইউর ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের পিডি সমন্বয়ক ও ক্যামব্রিজ পিডিকিউ কর্মসূচির প্রধান ফেরদৌসী রহমান এবং টিএইচটি দলের সদস্য অধ্যাপক ড. অ্যান ম্যাককেলন হাওয়ার্ড, অধ্যাপক ড. ক্রিস্টোফার জনসন, অধ্যাপক ড. জশ রেম্যান ও অধ্যাপক সিসিলিয়া সিলভা।

প্যানেল আলোচনায় শিক্ষকদের মধ্যে পেশাগত সহযোগিতা, শিক্ষাদানের অভিজ্ঞতা বিনিময় এবং প্রাতিষ্ঠানিক ও সাংস্কৃতিক সীমাবদ্ধতা অতিক্রম করে সহযোগিতামূলক শিক্ষকগোষ্ঠী গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ইউআইইউর স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. শরিফ আহমেদ মুকুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বেল্টার সভাপতি অধ্যাপক আহমেদ বশির, বেল্টার উপদেষ্টা অধ্যাপক ড. আরিফা রহমান এবং সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক ড. রুবিনা খান। সম্মেলনের আহ্বায়কের দায়িত্ব পালন করেন ইউআইইউর ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মারজিয়া শুরভী।

আরও