এক-চতুর্থাংশ কর্মী ছাঁটাই করছে শীর্ষ বায়ুবিদ্যুৎ উৎপাদক

এক-চতুর্থাংশ কর্মী ছাঁটাই করবে বিশ্বের অন্যতম বৃহৎ বায়ুবিদ্যুৎ উৎপাদনকারী অরস্টেড।

এক-চতুর্থাংশ কর্মী ছাঁটাই করবে বিশ্বের অন্যতম বৃহৎ বায়ুবিদ্যুৎ উৎপাদনকারী অরস্টেড। ডেনমার্কের জায়ান্ট প্রতিষ্ঠানটি দুই বছরের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়ন করবে। বায়ুবিদ্যুৎ খাতে সাম্প্রতিক সময়ে একাধিক অভিঘাত দেখা গেছে, এর মধ্যে সর্বশেষটি হলো অরস্টেডের ছাঁটাইয়ের ঘোষণা। খবর দ্য গার্ডিয়ান।

অরস্টেড জানিয়েছে, ২০২৭ সালের শেষ নাগাদ তাদের প্রায় আট হাজার কর্মীর মধ্যে দুই হাজারের পদ বাদ পড়বে। ছাঁটাই, স্বেচ্ছায় অবসর ও ব্যবসার কিছু অংশ বিক্রিজনিত পুনর্গঠন প্রক্রিয়ায় এসব কর্মী বাদ পড়বেন।

অসলোভিত্তিক এ কোম্পানির যুক্তরাজ্যে কর্মী সংখ্যা ১ হাজার ২০০-এর বেশি। চলতি বছরের শেষ নাগাদ দেশটিতে ৫০০ কর্মী বাদ পড়বেন। অন্যদিকে ডেনমার্কেই ছাঁটাই হচ্ছেন ২৩৫ জন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড উপকূলে প্রায় সম্পন্ন অরস্টেডের বায়ুবিদ্যুৎ প্রকল্পে কাজ বন্ধের নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন। ফলে কোম্পানির শেয়ারদর যেকোনো সময়ের তুলনায় সর্বনিম্ন হয়ে পড়ে। এর কয়েক সপ্তাহ পর কর্মী সংকোচনের পরিকল্পনা প্রকাশ করছেন অরস্টেডের প্রধান নির্বাহী রাসমুস এরবো।

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিরূপ পরিবেশ অরস্টেডে অর্থায়নের ওপর বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দিয়েছে। এতে চলমান প্রকল্পগুলোর জন্য বিকল্প পথে ৯ বিলিয়ন ডলারের বেশি তহবিল সংগ্রহে বাধ্য হয়েছে কোম্পানিটি।

রোড আইল্যান্ডে কাজ বন্ধের নির্দেশ অরস্টেডের জন্য বড় ধাক্কা ছিল। কারণ এর আগে সংস্থাটি যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ অফশোর বায়ুবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা বাতিল করেছিল। ওই সময় তারা বলেছিল, উচ্চ মূল্যস্ফীতি ও বৈশ্বিক সরবরাহ চেইনে খরচ বাড়ার কারণে প্রকল্পটি অর্থনৈতিকভাবে টেকসই নয়।

অবশ্য গত মাসে যুক্তরাষ্ট্রের একটি আদালত রোড আইল্যান্ডের রেভল্যুশন উইন্ড প্রকল্পে কাজ পুনরায় শুরু করার অনুমতি দিয়েছে। অরস্টেড জানিয়েছে, বিদ্যমান বৈশ্বিক প্রকল্পগুলো শেষ করার পর তাদের মনোযোগ পুনরায় ইউরোপের অফশোর বায়ুবিদ্যুৎ খাত ও এশিয়ার নির্বাচিত বাজারগুলোর দিকে ফিরিয়ে আনবে।

আরও