বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা সফররত ফিনল্যান্ডের আন্ডার সেক্রেটারি অব স্টেট (ইন্টারন্যাশনাল ট্রেড) জারনো সিরিয়ালা। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল জারনো সিরিয়ালার নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠককালে এ আগ্রহ ব্যক্ত করেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘বাংলাদেশে এখন বিনিয়োগের উত্তম পরিবেশ তৈরি হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি খাত বিশেষ করে সৌরশক্তি ও বায়ুশক্তি উৎপাদনে ফিনল্যান্ডের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে।’ এ সময় তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে উভয় দেশের ব্যবসায়ীদের এনগেজমেন্ট বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় ফিনল্যান্ডের আন্ডার সেক্রেটারি অব স্টেট (ইন্টারন্যাশনাল ট্রেড) জারনো সিরিয়ালা বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও ভারতের দিল্লিতে নিযুক্ত ফিনল্যান্ডের রাষ্ট্রদূত কিম্মো লাহেদিভিরতা উপস্থিত ছিলেন।