বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি : ব্র্যাক ব্যাংক পিএলসি

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান।

সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের চলতি মূলধন জোগাতে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে অংশ নিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ তহবিলের আওতায় যোগ্য উদ্যোক্তারা ৯ শতাংশ সুদে সহজ শর্তে চলতি মূলধন ঋণ পাবেন বলে ব্র্যাক ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর হয়। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন চুক্তিপত্র গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান ও অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন উপস্থিত ছিলেন।

ব্র্যাক ব্যাংকের এমডি এবং সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘সিএমএসএমই উদ্যোক্তাদের অর্থায়ন সমস্যার সমাধানের লক্ষ্যেই স্যার ফজলে হাসান আবেদ ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। এ লক্ষ্যেই ব্যাংকটি কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত ২০ লাখের বেশি সিএমএসএমই উদ্যোক্তাকে অর্থায়ন করা হয়েছে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুই কোটির বেশি কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখা হয়েছে।’ 

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিলের অর্থায়ন সুবিধা উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে এবং দেশের অর্থনীতির গতিশীলতা বাড়াবে। একই সঙ্গে সিএমএসএমই উদ্যোক্তাদের আরো বেশি অর্থায়নের সুযোগ কীভাবে তৈরি করা যায়, সে বিষয়েও কাজ করার প্রয়োজন রয়েছে।’ 

ব্র্যাক ব্যাংক জানায়, কেন্দ্রীয় ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় এ তহবিল গঠন করা হয়েছে। প্রয়োজনীয় চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা ও ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারছে না—এমন সচল সিএমএসএমই প্রতিষ্ঠানকে এ তহবিলের আওতায় অর্থায়ন করা হবে।

আরও