২০২৫ সালের ডিসেম্বরে কমেছে যুক্তরাজ্যে বাড়ির দাম। দেশটির শীর্ষ মর্টগেজ ঋণদাতা নেশনওয়াইডের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে গড় বাড়ির দাম আগের মাসের তুলনায় দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ লাখ ৭১ হাজার ৬৮ পাউন্ডে। সে সময় বাড়ির দাম দশমিক ১ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন আবাসন বাজার বিশ্লেষকরা। খবর দ্য গার্ডিয়ান।
নেশনওয়াইডের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় বাড়ির দাম বাড়ার হার নেমে এসেছে দশমিক ৬ শতাংশে, যা ২০২৪ সালের এপ্রিলের পর সর্বনিম্ন।
সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান কুইল্টারের আর্থিক পরিকল্পনাকারী ইয়ান ফাচার বলেন, ‘ডিসেম্বরে সাধারণত লেনদেন কম হয়। তবে ২০২৫ সালে বাজেট ঘোষণার সময়সূচি সে মৌসুমি স্থবিরতা আরো বাড়িয়েছে। রাজস্ব নীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বছরের শেষের দিকে চলে যাওয়ায় অনেক সম্ভাব্য ক্রেতা ও বিক্রেতা অপেক্ষায় ছিলেন। পরে উৎসবের সময় আসায় সে পরিকল্পনাগুলো আরো পিছিয়ে যায়।’
নেশনওয়াইড জানিয়েছে, বছর শেষে বাড়ির দাম সামান্য কমেছে, তবে পুরো ২০২৫ সালজুড়ে আবাসন বাজার তুলনামূলক স্থিতিশীল ছিল। এপ্রিলে স্ট্যাম্প ডিউটিতে পরিবর্তন আনা হয়। এতে বসন্ত ও গ্রীষ্মে বাজারটিতে অস্থিরতা দেখা দেয়। এছাড়া নভেম্বরে বাজেট ঘোষণার কারণে বছরের শেষ দিকে অনিশ্চয়তা আরো বেড়ে যায়।
নেশনওয়াইডের প্রধান অর্থনীতিবিদ রবার্ট গার্ডনার বলেন, ‘যুক্তরাজ্যে ডিসেম্বরে ভোক্তা আস্থা দুর্বল ছিল। এ সময় ব্রিটিশ নাগরিকরা বেশ সতর্কভাবে ব্যয় করেছেন। কভিড-১৯ মহামারীর পরের সময়ের তুলনায় মাসটিতে মর্টগেজ সুদহার প্রায় তিন গুণ বেশি ছিল। তবু মর্টগেজ অনুমোদনের সংখ্যা মহামারীর আগের সময়ের কাছাকাছিই ছিল।’
ডিসেম্বরে ব্যাংক অব ইংল্যান্ড সুদহার ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ দশমিক ৭৫ শতাংশে নামিয়েছে। চলতি বছর সুদহার আরো কমানো হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইয়ান ফাচার বলেন, ‘সুদহার কমানোর সিদ্ধান্ত দীর্ঘ সময়ের কঠোর নীতির পর যুক্তরাজ্যের আবাসন বাজারের জন্য গুরুত্বপূর্ণ এক মোড়। বাজেট শেষ হওয়া এবং ভবিষ্যতের সুদহার নীতি স্পষ্ট হওয়ায় গত বছরের শেষের দিকে স্থগিত থাকা অনেক আবাসন পরিকল্পনা আবার সামনে আসতে পারে।’