চট্টগ্রাম বন্দরে আসা আমদানি পণ্য খালাসে আর ছুটির দিন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। চট্টগ্রাম কাস্টমস হাউসে সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা শুল্কায়ন কার্যক্রম চালু থাকবে। শুক্রবার, শনিবারসহ সরকারি ছুটির দিনেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) কাস্টমস কমিশনারের পক্ষে কাস্টমস হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
দাপ্তরিক আদেশে বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল রাখা এবং পণ্য সরবরাহব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে চট্টগ্রাম কাস্টমস হাউসে দিন-রাত ২৪ ঘণ্টা এবং সপ্তাহের সাত দিন শুল্কায়ন কার্যক্রম চালু থাকবে। বন্দর দিয়ে আমদানি করা পণ্যচালান যাতে কোনো ধরনের জটিলতা বা বিলম্ব ছাড়াই দ্রুত খালাস করা যায়, সে লক্ষ্যে সার্বক্ষণিক কাস্টমস ক্লিয়ারেন্স ও শুল্কায়ন সেবা অব্যাহত থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবারের পাশাপাশি সাধারণ সরকারি ছুটির দিনেও আমদানি পণ্যের শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকবে না। ফলে ছুটির কারণে শুল্কায়ন প্রক্রিয়া আটকে পণ্য খালাসে অতিরিক্ত সময় লাগার সুযোগ কমবে। কাস্টমস কর্তৃপক্ষের এ আদেশের অনুলিপি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট, বেপজা, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোকেও আদেশের অনুলিপি দেয়া হয়েছে। সংগঠনগুলোর মধ্যে রয়েছে এফবিসিসিআই, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, চিটাগাং মেট্রোপলিটন চেম্বার, উইমেন চেম্বার, তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন এবং ফ্রেইট ফরওয়ার্ডারস অ্যাসোসিয়েশন।