এসএমই খাতে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), যা স্থানীয় মুদ্রায় প্রায় ১ হাজার ২১৭ কোটি টাকা।

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), যা স্থানীয় মুদ্রায় প্রায় ১ হাজার ২১৭ কোটি টাকা। এ ঋণের মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাইরের কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি শিল্প (সিএমএসএমই) উদ্যোগকে মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা দেয়া হবে।

রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে গতকাল অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইয়ুন জিয়ং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ বিষয়ে এডিবি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যেও একটি প্রকল্প চুক্তি স্বাক্ষর হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এসএম আব্দুল হাকিম এ চুক্তিতে স্বাক্ষর করেন। ‘সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম-সাইজড এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট প্রজেক্ট (ফেজ ২)’ শীর্ষক এ প্রকল্পের মূল লক্ষ্য ২০৩০ সালের মধ্যে কমপক্ষে ১৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি করা।

কারিগরি সহায়তার বিষয়ে ইআরডি জানিয়েছে, ঋণ প্যাকেজের পাশাপাশি সাড়ে ৯ লাখ ডলারের কারিগরি সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে। এডিবির এ ঋণ কম সুদে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পাওয়া গেছে, যা পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছরে পরিশোধ করতে হবে। আর বার্ষিক সুদের হার ২ শতাংশ।

সিএমএসএমই খাতের উন্নয়নের লক্ষ্যে আর্থিক সেবা সম্প্রসারণের জন্য ২০১৭ সালের নভেম্বরে এডিবির সহায়তায় ২৪ কোটি ডলার সমমূল্যের একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছিল।

সরকার ও এডিবির যৌথ অর্থায়নে পরিচালিত ‘সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্টের (এসএমইডিপি-২)’ আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এ তহবিল থেকে ২ শতাংশ সুদে ঋণ নিয়ে গ্রাহকদের ৬ শতাংশ সুদে বিতরণ করেছিল। তখনো ঢাকা ও চট্টগ্রাম নগরীর বাইরের এলাকায় সুবিধাবঞ্চিত কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা এ তহবিল থেকে ঋণ পেয়েছিলেন।

আরও