এশিয়ায় এখনো নিম্নমুখী স্বর্ণের চাহিদা

আন্তর্জাতিক বাজারে চলতি বছর বেশ কয়েকবার রেকর্ড সর্বোচ্চ স্তর অতিক্রম করেছে স্বর্ণের দাম। বছরের শুরু থেকে এখন পর্যন্ত মূল্যবান ধাতুটির দর বেড়েছে ৬০ শতাংশের বেশি।

আন্তর্জাতিক বাজারে চলতি বছর বেশ কয়েকবার রেকর্ড সর্বোচ্চ স্তর অতিক্রম করেছে স্বর্ণের দাম। বছরের শুরু থেকে এখন পর্যন্ত মূল্যবান ধাতুটির দর বেড়েছে ৬০ শতাংশের বেশি। এ কারণে এশিয়ার শীর্ষ ব্যবহারকারী দেশগুলোয় স্বর্ণের চাহিদা এখনো নিম্নমুখী। খবর রয়টার্স।

ভারতে বিয়ের মৌসুম চলমান থাকলেও চাহিদা কমেছে স্বর্ণের। ফলে মূল্যবান ধাতুটি বেচাকেনায় ছাড় আরো বেড়েছে। দেশটির ব্যবসায়ীরা গত সপ্তাহে অভ্যন্তরীণ দামের তুলনায় আউন্সপ্রতি সর্বোচ্চ ৩৪ ডলার পর্যন্ত ছাড় দিয়েছেন। এতে ৬ শতাংশ আমদানি শুল্ক ও ৩ শতাংশ বিক্রয় কর অন্তর্ভুক্ত ছিল। এর আগের সপ্তাহে দেশটিতে ছাড়ের পরিমাণ ছিল আউন্সপ্রতি সর্বোচ্চ ২২ ডলার।

মুম্বাইভিত্তিক এক বুলিয়ন ডিলার জানান, দাম দ্রুত ওঠানামা করায় ক্রেতার সংখ্যা কমেছে। এছাড়া গহনা ব্যবসায়ীরাও ক্রয় কমিয়েছেন।

ভারতে গতকাল প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম রেকর্ড ১ লাখ ৩২ হাজার ৭৭৬ রুপিতে পৌঁছেছে। মুম্বাইভিত্তিক এক গহনা ব্যবসায়ী বলেন, ‘ভারতে বিয়ের মৌসুমে গহনা খাতে চাহিদা সাধারণত বেড়ে যায়। তবে বর্তমান ঊর্ধ্বমুখী দামে ক্রেতাদের কাছে চাহিদা কম।’

বিশ্বে স্বর্ণের শীর্ষ ব্যবহারকারী দেশ চীন। গত সপ্তাহে দেশটির ব্যবসায়ীরা স্পট মার্কেটের তুলনায় আউন্সপ্রতি ২০ ডলার ছাড় থেকে ১০ ডলার প্রিমিয়ামে (মূল্য সংযোজন) মূল্যবান ধাতুটি বেচাকেনা করেছেন।

মূল্যবান ধাতু ব্যবসাপ্রতিষ্ঠান এমকেএস পিএএমপির গ্রেটার চায়নায় রিজিওনাল ডিরেক্টর বার্নার্ড সিন বলেন, ‘দাম রেকর্ড সর্বোচ্চে পৌঁছানোর কারণে স্বর্ণ বেচাকেনায় ছাড় আরো বেড়েছে। এছাড়া সম্প্রতি ভ্যাটের হার বাড়ায় গহনা ব্যবসায়ীদের খরচ বেড়েছে। এত খুচরা চাহিদায় আরো চাপ তৈরি হয়েছে।’

সিঙ্গাপুরে চলতি সপ্তাহে প্রতি আউন্স ১ ডলার ৫০ সেন্ট থেকে ৩ ডলার ৫০ প্রিমিয়ামে বিক্রি হয়েছে। এ সময় হংকংয়ে মূল্যবান ধাতুটি বেচাকেনায় ৫০ সেন্ট ছাড় ও ২ ডলার ৫০ সেন্ট প্রিমিয়াম সীমায় লেনদেন হয়েছে।

আরও