যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলে অনুকূল আবহাওয়ার কারণে শস্যের ভালো ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে। এতে শস্যপণ্যের সরবরাহ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ কারণে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গত সপ্তাহজুড়ে কমেছে ভুট্টা ও সয়াবিনের দাম। খবর বিজনেস রেকর্ডার।
তবে গতকাল সপ্তাহের শেষ কার্যদিবসে শস্য দুটির দাম সামান্য বেড়েছে। সিবিওটিতে ভুট্টার ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ১ শতাংশ বেড়ে স্থির হয় বুশেলপ্রতি ৪ ডলার ১৬ সেন্টে। সয়াবিনের দাম দশমিক ২ শতাংশ বেড়ে পৌঁছায় প্রতি বুশেলে ১০ ডলার ১৫ সেন্টে। গমের দামও একই হারে বেড়ে দাঁড়িয়েছে ৫ ডলার ৫৪ সেন্টে।
সিবিওটির তথ্যানুযায়ী, সপ্তাহজুড়ে ভুট্টার দাম কমেছে ৪ দশমিক ৬ শতাংশ, যা ফেব্রুয়ারির পর সর্বোচ্চ পতন। সয়াবিনের দাম কমেছে ৩ দশমিক ২ শতাংশ। গমের দাম সামান্য কমেছে।
বাজারসংশ্লিষ্টদের বরাতে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার সিবিওটির ভুট্টা, সয়াবিন, সয়ামিল, গম ও সয়াবিন তেলের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে নিট ক্রেতা ছিল কমোডিটি ফান্ডগুলো।