বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা শুরু

শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা এবং উদ্ভাবনী ও টেকসই ব্যবসায়িক উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) শুরু হয়েছে ‘বিইউএফটি জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ (৩.০)’। শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার দক্ষতা বাড়ানো এবং ব্যবসায় উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার উৎসাহিত করতে দুদিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।

বিইউএফটি বিজনেস ক্লাবের আয়োজনে ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগিতায় আজ বুধবার (৭ অক্টোবর) শুরু হওয়া এ মেলা চলবে কাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) পর্যন্ত। এবারের মেলার প্রতিপাদ্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরবর্তী প্রজন্মকে ক্ষমতায়ন: উদ্যোক্তা, উদ্ভাবন ও টেকসই ডিজিটাল রূপান্তর’।

মেলায় শিক্ষার্থীদের শিল্প খাতের পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ, ব্যবসায়িক ধারণা নিয়ে কাজ এবং উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকছে। পাশাপাশি ভবিষ্যতের কর্মক্ষেত্র ও ব্যবসায় এআই এবং উদীয়মান প্রযুক্তির ব্যবহার সম্পর্কেও ব্যবহারিক ধারণা পাওয়ার সুযোগ রয়েছে।

শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা এবং উদ্ভাবনী ও টেকসই ব্যবসায়িক উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

এতে উপস্থিত ছিলেন বিইউএফটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. মেসবা উদ্দিন আলী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, মালয়েশিয়ার স্পেকট্রাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কায়সারুল হক, বিইউএফটির ভারপ্রাপ্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আবদুর রহিম, বিইউএফটির জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ।

আরো উপস্থিত ছিলেন দারাজ এক্সপ্রেসের প্রধান এইচ এম আশিক আলাহী, রাজিব ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাজিব হোসেন, এভারকেয়ার হসপিটালস বাংলাদেশের প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ মাইনুর রহমান ভূঁইয়া, ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সরবরাহ ব্যবস্থাপনা ও ক্রয় বিভাগের প্রধান নাহিদ আশিকুজ্জামান এবং কনটেন্ট নির্মাতা ও অভিনেতা রাকিন আবসার। এ ছাড়া বিইউএফটির বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরাও উদ্বোধনী অনুষ্ঠান এবং বিভিন্ন অধিবেশনে অংশ নেন।

আরও