চলতি বছর

ব্রেন্টের দাম হতে পারে ব্যারেলে ৭৪.৩৩ ডলার

চীনের দুর্বল চাহিদা ও বিশ্বব্যাপী সরবরাহ বৃদ্ধি ২০২৫ সালে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে চাপ তৈরি করবে।

চীনের দুর্বল চাহিদা ও বিশ্বব্যাপী সরবরাহ বৃদ্ধি ২০২৫ সালে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে চাপ তৈরি করবে। এ সময় পণ্যটির দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারের কাছাকাছি সীমাবদ্ধ থাকতে পারে। মাসভিত্তিক জরিপের ভিত্তিতে গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট। জরিপে ৩১ জন অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের দেয়া পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি গড়ে ৭৪ ডলার ৩৩ সেন্ট হতে পারে। নভেম্বরে দেয়া পূর্বাভাসে এ পরিমাণ ছিল ব্যারেলপ্রতি ৭৪ ডলার ৫৩ সেন্ট। অষ্টমবারের মতো ধারাবাহিকভাবে নিম্নগামী সংশোধন করলেন বিশ্লেষকরা।

তারা আরো জানান, মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২০২৫ সালে ব্যারেলপ্রতি গড়ে ৭০ ডলার ৮৬ সেন্ট থাকতে পারে, গত মাসে দেয়া পূর্বাভাসে যা ছিল ৭০ ডলার ৬৯ সেন্ট।

ক্রিসিলের গবেষণা পরিচালক সেহুল ভাট বলেন, ‘‌ওপেকবহির্ভূত দেশগুলোয় উত্তোলন বৃদ্ধির কারণে বাজারে যথেষ্ট সরবরাহ থাকবে। যদিও চীনের অর্থনৈতিক পুনরুদ্ধারের আশা করা হচ্ছে। তবে বিদ্যুচ্চালিত গাড়ির ব্যবহার বাড়ার সম্ভাবনা চাহিদা বৃদ্ধির গতি সীমিত করতে পারে।’

জরিপে অংশগ্রহণকারী বেশির ভাগ বিশ্লেষকই মনে করছেন, আগামী বছর জ্বালানি তেলের বাজারে সরবরাহ বেশি হবে। জেপি মরগানের বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, এ সময় চাহিদার তুলনায় সরবরাহ দৈনিক গড়ে ১২ লাখ ব্যারেল বেশি হতে পারে।

পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ও রাশিয়াসহ অন্যান্য সহযোগী দেশগুলোর সংগঠন ওপেক প্লাস। সংস্থাটি বিশ্বের প্রায় অর্ধেক জ্বালানি তেল উত্তোলন করে। ডিসেম্বরের বৈঠকে উত্তোলন বৃদ্ধির পরিকল্পনার সময়সীমা তিন মাস পিছিয়ে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত এবং উত্তোলন কমানোর সিদ্ধান্ত পুরোপুরি উঠিয়ে নেয়ার সময়সীমা এক বছর বাড়িয়ে ২০২৬ সালের শেষ পর্যন্ত করেছে।

ডাটা ও অ্যানালিটিকস প্রতিষ্ঠান কেপলারের সিনিয়র বিশ্লেষক ফ্লোরিয়ান গ্রুনবার্গার বলেন, ‘‌চলতি বছর ওপেক প্লাসবহির্ভূত দেশগুলোর উত্তোলন উল্লেখযোগ্য হারে বাড়বে। তাই ওপেক প্লাসের সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্ব হতে পারে।’

জরিপ অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা দৈনিক গড়ে ৪-১৩ লাখ ব্যারেল বাড়তে পারে। এটি ওপেকের ১৪ লাখ ৫০ হাজার ব্যারেলের তুলনায় কম।

আরও