বিশ্ববাজারে এক সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের বাজারদর

ডলারের বিনিময় হার বাড়ার পরও গতকাল বিশ্ববাজারে এক সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে স্বর্ণের দাম।

ডলারের বিনিময় হার বাড়ার পরও গতকাল বিশ্ববাজারে এক সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে স্বর্ণের দাম। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এর পেছনে ভূমিকা রেখেছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর সম্ভাবনা বৃদ্ধি। খবর রয়টার্স।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ১৪১ ডলার ৪৯ সেন্টে পৌঁছেছে, যা ১৪ নভেম্বরের পর সর্বোচ্চ। এ সময় ডিসেম্বরে সরবরাহের জন্য মূল্যবান ধাতুটির আউন্সপ্রতি মূল্য ছিল ৪ হাজার ১৩৯ ডলার ১০ সেন্ট। এটি আগের দিনের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেশি।

ব্রোকার প্রতিষ্ঠান ওএএনডিএর সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কেলভিন ওয়ং বলেন, ‘স্বর্ণের মূল্যবৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে ফেডের সুদহার হ্রাসের প্রত্যাশা। শেষ দুই সপ্তাহে এ প্রত্যাশা দ্রুত বেড়ে যাওয়ায় মূল্যবান ধাতুটির দাম আবার বাড়ছে।’

ফেড গভর্নর ক্রিস্টোফার ওয়ালার সোমবার বলেন, ‘যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের তথ্য যথেষ্ট দুর্বল। তাই ডিসেম্বরে আবার সুদহার কমানোর প্রয়োজন হতে পারে।’

এর আগে নিউইয়র্ক ফেড প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেছেন, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক নিকট ভবিষ্যতে সুদহার কমাতে পারে।

সিএমই ফেডওয়াচ টুলের হিসাব অনুযায়ী ডিসেম্বরে ফেডের সুদহার হ্রাসের সম্ভাবনা ৮১ শতাংশ, আগের সপ্তাহে সপ্তাহে যা ছিল ৪০ শতাংশ।

স্পট মার্কেটে গতকাল রুপার দাম আউন্সপ্রতি ৫১ ডলার ৪৩ সেন্টে স্থিতিশীল ছিল। এ সময় প্লাটিনামের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি পৌঁছেছে ১ হাজার ৫৫৩ ডলার ৬৫ সেন্টে। প্যালাডিয়ামের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৩৯৯ ডলার ৯৬ সেন্টে পৌঁছেছে।

আরও