যুক্তরাজ্যে বাড়ির গড় দাম প্রথমবারের মতো ৩ লাখ পাউন্ড ছাড়াল

গত জানুয়ারিতে যুক্তরাজ্যের আবাসন বাজারে বাড়ির গড় দাম আগের মাসের তুলনায় দশমিক ৭ শতাংশ বেড়েছে।

গত জানুয়ারিতে যুক্তরাজ্যের আবাসন বাজারে বাড়ির গড় দাম আগের মাসের তুলনায় দশমিক ৭ শতাংশ বেড়েছে। ২০২৪ সালের নভেম্বরের পর এটিই দাম বাড়ার দ্রুততম হার। বার্ষিক হিসেবেও বাড়ির গড় দাম বেড়েছে ১ শতাংশ। যুক্তরাজ্যভিত্তিক মর্টগেজ প্রতিষ্ঠান হ্যালিফ্যাক্স জানিয়েছে, বড়দিনের আগে দেশটির আবাসন বাজার কিছুটা মন্থর ছিল। তবে বছরের শুরুতেই তা বেশ ঘুরে দাঁড়িয়েছে। এদিকে আরেক ঋণদাতা প্রতিষ্ঠান নেশনওয়াইডের হিসাবে একটি বাড়ির গড় দাম কিছুটা কম, যা ২ লাখ ৭০ হাজার ৮৭৩ পাউন্ড। খবর দ্য গার্ডিয়ান।

হ্যালিফ্যাক্সের মর্টগেজ প্রধান আমান্ডা ব্রাইডেন বলেন, ‘২০২৬ সালের শুরুতে যুক্তরাজ্যের আবাসন বাজার একটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। বাড়ির গড় দাম ৩ লাখ পাউন্ড ছাড়িয়ে যাওয়া একটি বড় ঘটনা। বাজার এখন যথেষ্ট শক্তিশালী। তবে এখনো অনেক ক্রেতার সাধ্যের মধ্যে বাড়ি কেনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ বছর বাড়ির দাম ১-৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।’

আবাসন বাজারে দাম বাড়ার পেছনে ব্যাংক অব ইংল্যান্ডের সুদহার কমানোর সিদ্ধান্ত বড় ভূমিকা রেখেছে। যদিও বর্তমানে মূল্যস্ফীতির কারণে ব্যাংক অব ইংল্যান্ড সুদহার ৩ দশমিক ৭৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে। তবে অর্থনীতিবিদরা ধারণা করছেন, আগামী মাসগুলোয় এ হার আরো কমতে পারে।

আঞ্চলিক হিসেবে উত্তর আয়ারল্যান্ডে বাড়ির দাম সবচেয়ে বেশি বেড়েছে। সেখানে এক বছরে বাড়ির গড় দাম ৫ দশমিক ৯ শতাংশ বেড়ে ২ লাখ ১৭ হাজার ২০৬ পাউন্ডে দাঁড়িয়েছে। স্কটল্যান্ডেও বাড়ির দাম বাড়ার হার ছিল ৫ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে ওয়েলসে বাড়ির দাম বেড়েছে দশমিক ৫ শতাংশ। আর ইংল্যান্ডের মধ্যে উত্তর-পশ্চিম অঞ্চলে বাড়ির দাম সবচেয়ে বেশি বেড়েছে।

বিশ্লেষকরা বলছেন, ক্রমবর্ধমান মজুরি এবং মর্টগেজ রেট ও ঋণের সুদহার কমে আসায় মানুষ এখন বাড়ি কেনায় আগ্রহী হচ্ছে। যদিও গত তিন বছরে বাড়ির দাম বৃদ্ধির গতি কিছুটা ধীর ছিল। তবে ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে মহামারীর সময় যুক্তরাজ্যের আবাসন বাজারে প্রায় ১৯ শতাংশ প্রবৃদ্ধি দেখা গিয়েছিল।

যুক্তরাজ্যভিত্তিক শীর্ষস্থানীয় সম্পদ ব্যবস্থাপনা ও আর্থিক পরামর্শদাতা প্রতিষ্ঠান কুইল্টারের মর্টগেজ বিশেষজ্ঞ কারেন নোয়ে মনে করেন, সুদের হার কমলে বাজারের উন্নতি ধীরে হবে, হঠাৎ দাম লাফিয়ে বাড়বে না। মূলত গত তিন বছরে যুক্তরাজ্যের বাড়ির গড় দাম বেড়েছে মাত্র ৫ দশমিক ৭ শতাংশ বা ১৬ হাজার পাউন্ড।

আরও