খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেড সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৪০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা পরিচালকদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৬ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিটে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরে ফাইন ফুডসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৮১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ১৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ২০ পয়সা।
২০২৪-২৫ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১৪ শতাংশ নগদ এবং উদ্যোক্তা পরিচালকদের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ফাইন ফুডসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৫ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটি উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ পয়সা। গত ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৩১ পয়সায়।
২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ পয়সা। গত ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ৫৫ পয়সায়।
২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ পয়সা, আগের বছরে যা ছিল ১৮ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ৬১ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১০ টাকা ৮৩ পয়সা।
এর আগে ২০১৯-২০ হিসাব বছরের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ফাইন ফুডস। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৪ পয়সা। ৩০ জুন ২০২০ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১০ টাকা ৮২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১০ টাকা ৮৩ পয়সা।
২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফাইন ফুডসের অনুমোদিত মূলধন ১০০ কোটি, পরিশোধিত মূলধন ১৩ কোটি ৯৭ লাখ ৪০ হাজার ও রিজার্ভে রয়েছে ৬ কোটি ৫০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৯১৮। এর মধ্যে ১৩ দশমিক ৯২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২০ দশমিক ৭১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৬৫ দশমিক ৩৭ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।