এমআরএর উদ্যোগে যশোরে চাকরি মেলা ও সেমিনারের তথ্য

ক্ষুদ্র ঋণ খাতে ৪ হাজারের বেশি নতুন চাকরির সুযোগ

মেলায় সংগৃহীত অবশিষ্ট সিভি থেকে দুই-তিন মাসের মধ্যে আরো তিন হাজার চাকরিপ্রার্থীকে নিয়োগ দেয়া হবে।

দেশের ক্ষুদ্র ঋণ খাতে চার হাজারের বেশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এর অংশ হিসেবে যশোরে ‘চাকরি মেলা ও ক্ষুদ্র ঋণ বিষয়ক সেমিনার ২০২৬’ শীর্ষক এক আয়োজনে সরাসরি সিভি বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমে ঋণ কর্মকর্তা, হিসাবরক্ষক, শাখা ব্যবস্থাপকসহ বিভিন্ন পদে ১ হাজার ১১৫ জনকে অনস্পট নিয়োগ দেয়া হয়েছে। মেলায় সংগৃহীত অবশিষ্ট সিভি থেকে দুই-তিন মাসের মধ্যে আরো তিন হাজার চাকরিপ্রার্থীকে নিয়োগ দেয়া হবে।

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) উদ্যোগে শনিবার যশোর পিটিআই প্রাঙ্গণে এ চাকরি মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়। মেলার প্রতিপাদ্য ছিল ‘ক্যারিয়ার হোক ক্ষুদ্র ঋণ খাতে, অবদান হোক দেশের উন্নয়নে’। এতে কম-বেশি ১০ হাজার চাকরিপ্রার্থীর কাছ থেকে প্রায় ৩৩ হাজার সিভি পাওয়া যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন এমআরএর নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়া যশোরের জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন; জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান; পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা, এমআরএর কর্মকর্তারা, সাংবাদিক, চাকরিপ্রার্থী তরুণ-তরুণী ও উচ্চ শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে এমআরএর নির্বাহী পরিচালক নূরে আলম মেহেদী জানান, জুন ২০২৬ পর্যন্ত এমআরএ সনদপ্রাপ্ত ৬৩৩টি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের প্রায় ৩০ হাজার শাখার মাধ্যমে ৪ কোটি ৭০ লাখের বেশি মানুষ ক্ষুদ্র ঋণ সেবা পেয়েছেন। এ কার্যক্রমে প্রায় ২ লাখ ৪২ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন। একই সময়ে নারী সুবিধাভোগীর হার ছিল প্রায় ৯১ শতাংশ।

তিনি আরো বলেন, ‘২০০৬ সালের জুনে ক্ষুদ্র ঋণ খাতে শাখার সংখ্যা ছিল প্রায় ১২ হাজার ১৫৬টি। চলতি বছরের জুনে তা বেড়ে প্রায় ২৯ হাজার ৭২৮টিতে দাঁড়িয়েছে। একই সময়ে কর্মীর সংখ্যা ৯৮ হাজার ৮৯৬ থেকে বেড়ে প্রায় ২ লাখ ৪২ হাজার ৩২০ হয়েছে।’

চাকরি মেলায় এমআরএ সনদপ্রাপ্ত জাগরণী চক্র ফাউন্ডেশন, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন, শিশু নিলয়, আদ্-দ্বীন, আর্স বাংলাদেশ, সিও, সিএসএস, সাস ও উত্তরণসহ যশোর, খুলনা, সাতক্ষীরা ও ঝিনাইদহ অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান অংশ নেয়।

আরও