বাজারমূল্যে ৪ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে ক্রিপ্টোকারেন্সি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার ক্রিপ্টো-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল ‘জিনিয়াস অ্যাক্টে’ সই করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার ক্রিপ্টো-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল ‘জিনিয়াস অ্যাক্টে’ সই করেছেন। ওইদিন ক্রিপ্টোকারেন্সির বাজারের সম্মিলিত মূল্য ৪ ট্রিলিয়ন বা ৪ লাখ কোটি ডলারে পৌঁছে, যা এ খাতের ইতিহাসে একটি মাইলফলক। খবর রয়টার্স ও আনাদোলু এজেন্সি।

ক্রিপ্টো গবেষণা সংস্থা কয়েনগেকো জানিয়েছে, ওইদিন সম্মিলিত বাজারমূল্য ৪ ট্রিলিয়ন অতিক্রম করে। পরে অবশ্য ৩ দশমিক ৯২ ট্রিলিয়ন ডলারে নেমে আসে। এর আগে বিশ্বের বৃহত্তম ডিজিটাল মুদ্রা বিটকয়েনের মূল্য ১ লাখ ২০ হাজার ডলার ছুঁয়ে রেকর্ড তৈরি করে।

বিশ্লেষকদের মতে, মার্কিন আইনসভায় ধারাবাহিকভাবে পাস হওয়া তিনটি বিল এবং ট্রাম্প প্রশাসনের ইতিবাচক অবস্থানের কারণে ডিজিটাল মুদ্রার প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। বিশেষ করে স্থিতিশীল ডিজিটাল মুদ্রা বা স্টেবলকয়েনকে কেন্দ্র করে যে নতুন কাঠামো তৈরি করা হয়েছে, তা খাতটিকে মূলধারায় প্রতিষ্ঠিত করতে বড় ভূমিকা রাখবে।

জিনিয়াস অ্যাক্ট পাস হওয়ার ফলে ব্যাংক পর্যায়ে স্টেবলকয়েন ইস্যু সহজ হবে। পাশাপাশি খাতটিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের লক্ষ্যও নির্ধারণ হয়েছে। মার্কিন কংগ্রেসে বিলটি দ্বিদলীয় সমর্থন পেয়ে পাস হয়, যা ট্রাম্পের ডিজিটাল বাজারে নেতৃত্ব ধরে রাখার প্রচেষ্টার অংশ।

হারগ্রিভস ল্যান্সডাউনের ইকুইটি গবেষণাপ্রধান ডেরেন নাথান বলেন, ‘বিলটি পাস হওয়ায় যুক্তরাষ্ট্রে ক্রিপ্টো খাত নিয়ে দৃষ্টিভঙ্গির নাটকীয় পরিবর্তন ঘটেছে। তবে আইনপ্রণেতারা এখনো কিছুটা সতর্ক অবস্থানে আছেন।’

বাজার বিশ্লেষকরা বলছেন, ক্রিপ্টোকে ঘিরে নতুন এক্সচেঞ্জ-ট্রেডেড প্রডাক্ট, বিনিয়োগ ব্যবস্থাপকের আগ্রহ এবং করপোরেট ও খুচরা পর্যায়ে দ্রুত বিস্তারের কারণে এ খাতের দ্রুত প্রসার ঘটছে।

বর্তমানে স্টেবলকয়েনের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ ধরনের ক্রিপ্টো মুদ্রা মূলত এমনভাবে তৈরি হয়, যাতে এর মূল্য ডলারের সঙ্গে স্থির থাকে—অর্থাৎ এক স্টেবলকয়েনের মূল্য যেন সবসময় ১ ডলারের সমান থাকে। অর্থাৎ ১০০ ডলারের স্টেবলকয়েন কিনলে এর মূল্য সবসময় ১০০ ডলারই থাকবে। এ কারণে এটি দ্রুত অর্থ স্থানান্তর বা লেনদেনের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে যারা বিভিন্ন ক্রিপ্টো টোকেনে লেনদেন করেন, তারা স্টেবলকয়েন ব্যবহার করে নিরাপদে ও দ্রুত ফান্ড স্থানান্তর করতে পারেন।

ক্রিপ্টো বিনিয়োগভিত্তিক কোম্পানি কয়েনফান্ডের প্রেসিডেন্ট ক্রিস পারকিন্স বলেন, ‘জিনিয়াস অ্যাক্ট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। কারণ এটি ক্রিপ্টোকে একটি স্বীকৃত সম্পদ শ্রেণী হিসেবে প্রতিষ্ঠিত করার ভিত্তি তৈরি করেছে।’

এদিকে বিটকয়েনের পাশাপাশি দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টো টোকেন ইথারের দামও সম্প্রতি বেড়েছে ৪ দশমিক ৫ শতাংশ, যা তিন মাসে দ্বিগুণ হয়েছে।

বাজার ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারেও। শুক্রবার ক্রিপ্টো এক্সচেঞ্জ প্লাটফর্ম কয়েনবেস ও রিটেইল ট্রেডিং কোম্পানি রবিনহুডের শেয়ারদর সর্বোচ্চ পর্যায়ে ওঠে।

আরও