কৃষি ব্যাংকের ঋণ বিতরণ কার্যক্রমের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের অগ্রগতি বিষয়ক ভার্চুয়াল পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন।

সভায় কৃষি ও এসএমই ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন এবং অর্জনের হার পর্যালোচনা করা হয়। এছাড়া ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম, ডাল, তৈলবীজ, মসলাজাতীয় ফসল ও ভুট্টা চাষে ৪ শতাংশ রেয়াতি সুদে কৃষিঋণ এবং গম ও ভুট্টা উৎপাদনের জন্য এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্‌তে আলী চলতি অর্থবছরের আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায়, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, রেমিট্যান্স সংগ্রহসহ সকল ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম, মোহা. খালেদুজ্জামান ও আবু সাঈদ মো. রওশানুল হক। ব্যাংকের সব বিভাগীয় কার্যালয় ও স্থানীয় মুখ্য কার্যালয়ের মহাব্যবস্থাপক, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, করপোরেট শাখার উপমহাব্যবস্থাপক, মুখ্য আঞ্চলিক/আঞ্চলিক ব্যবস্থাপক, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপকরা সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।— সংবাদ বিজ্ঞপ্তি

আরও