১৮ মাসের সর্বনিম্নে ভারতীয় চালের দাম

ভারতীয় চালের রফতানি মূল্য চলতি সপ্তাহে ১৮ মাসের সর্বনিম্নে নেমে গেছে।

ভারতীয় চালের রফতানি মূল্য চলতি সপ্তাহে ১৮ মাসের সর্বনিম্নে নেমে গেছে। ডলারের বিপরীতে রুপির বিনিময় হার কমে যাওয়া ও বাড়তি সরবরাহের কারণে পণ্যটির দাম নিম্নমুখী হয়েছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।

শীর্ষ রফতানিকারক দেশ ভারতে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম ছিল টনপ্রতি ৪৩১-৪৪০ ডলার, যা ২০২৩ সালের জুলাইয়ের পর থেকে সর্বনিম্ন। এর আগের সপ্তাহে দেশটিতে প্রতি টন চাল ৪৩৬-৪৪২ ডলারে বেচাকেনা হয়েছে।

এদিকে ভারতের ৫ শতাংশ খুদযুক্ত সাদা চালের দাম চলতি সপ্তাহে ছিল টনপ্রতি ৪৩৫-৪৪২ ডলার।

একটি গ্লোবাল ট্রেড হাউজের কলকাতাভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘‌বাজারে চালের সরবরাহ চাহিদার তুলনায় অনেক বেশি। এ কারণে পণ্যটির দামও নিম্নমুখী হয়েছে।’

উল্লেখ্য, জানুয়ারির প্রথম দিকে ভারতের চালের মজুদ ৬ কোটি ৯ লাখ টনে পৌঁছেছে, যা সরকারি লক্ষ্যমাত্রার তুলনায় আট গুণ বেশি।

এশিয়ার দেশগুলোর মধ্যে চাল রফতানিতে ভিয়েতনামের উল্লেখযোগ্য হিস্যা রয়েছে। দেশটিতে চলতি সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম ছিল টনপ্রতি ৪২২ ডলার। এর আগের সপ্তাহে দেশটিতে প্রতি টন চাল ৪৬০ ডলারে বেচাকেনা হয়েছে।

আরও