চীন চলতি বছর শস্য উৎপাদনে নতুন রেকর্ড তৈরি করেছে। এ সময় মোট উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৭১ কোটি ৪৯ লাখ টনে, যা গত বছরের তুলনায় ১ দশমিক ২ শতাংশ বেশি। সম্প্রতি চীনের স্ট্যাটিস্টিকস ব্যুরো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, চীন এখনো আমদানিনির্ভর। যুক্তরাষ্ট্রসহ প্রধান কৃষিপণ্য সরবরাহকারী দেশগুলোর সঙ্গে সম্প্রতি একাধিক বাণিজ্যযুদ্ধের কারণে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির দিকে মনোযোগ দিয়েছে দেশটি। এ লক্ষ্যে কৃষিযন্ত্র ও উন্নত বীজ প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়েছে চীন।
স্ট্যাটিস্টিকস ব্যুরো আরো জানায়, ২০২৫ সালে চীনে চাল উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ৯০ লাখ টনে, যা আগের বছরের তুলনায় দশমিক ৭ শতাংশ বেশি। একই সময়ে গম উৎপাদন ১৪ কোটি ১ লাখ টনে স্থিতিশীল রয়েছে।
চলতি বছর চীনে ভুট্টা উৎপাদনও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময় দেশটিতে খাদ্যশস্যটির উৎপাদন ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৩০ কোটি ১২ লাখ টনে পৌঁছেছে। এটি আগের বছরের রেকর্ড ২৯ কোটি ৪৯ লাখ ২০ হাজার টনের তুলনায় বেশি।
এদিকে শস্যের মোট আবাদযোগ্য জমির পরিমাণ বেড়েছে দশমিক ১ শতাংশ। মোট জমির পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ৯৪ লাখ হেক্টরে।