যুক্তরাষ্ট্রে বছরে ৩১০ কোটি ডলার মূল্যের ফার্মাসিউটিক্যালস পণ্য রফতানি করে সিঙ্গাপুর, এর অধিকাংশই ব্র্যান্ডেড ওষুধ। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শতভাগ শুল্কের কারণে এ রফতানি হুমকির মুখে পড়ছে বলে মন্তব্য করেছেন সিঙ্গাপুরের ডেপুটি প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী গ্যান কিম ইয়ং। খবর রয়টার্স।
ওষুধের ওপর শুল্ক আরোপ সিঙ্গাপুরের জন্য উদ্বেগজনক উল্লেখ করে গ্যান কিম ইয়ং জানান, যুক্তরাষ্ট্রে দেশটির মোট রফতানির প্রায় ১৩ শতাংশ ধারণ করে ওষুধ।
তিনি আরো জানান, এরই মধ্যে সিঙ্গাপুরের অনেক ওষুধ কোম্পানির যুক্তরাষ্ট্রে ব্যবসা সম্প্রসারণ বা কারখানা স্থাপনের পরিকল্পনা করছে, যা কোম্পানিগুলোকে শুল্ক থেকে মুক্তি দিতে পারে।
গ্যান কিম ইয়ং বলেন, ‘আশা করি এমন আলোচনা সম্ভব, যাতে আমাদের ওষুধ কোম্পানিগুলো মার্কিন বাজারে প্রতিযোগিতামূলক থাকবে এবং রফতানি অব্যাহত রাখতে পারবে। শুল্ক ১৫ শতাংশ বা অন্য কোন হারে হবে, তা আলোচনার অংশ। কিন্তু আমরা আশা করি বর্তমান সর্বোচ্চ শুল্কের তুলনায় কিছু অগ্রাধিকারমূলক সুবিধা পাব।’
রফতানির ক্ষেত্রে ২০০৪ সাল থেকে মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় রয়েছে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর। তা সত্ত্বেও দেশটির ওপর ১০ শতাংশ বেসলাইন শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প।