ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি। বিশ্বব্যাপী ইস্পাত উৎপাদনে দেশটির অবস্থান অন্যতম। তবে চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) জার্মানিতে ধাতবপণ্যটির উৎপাদন কমেছে ১২ শতাংশ। এ সময় মোট উৎপাদনের পরিমাণ ছিল ১ কোটি ৭১ লাখ টন। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জার্মান স্টিল অ্যাসোসিয়েশন। খবর আনাদোলু এজেন্সি।
জার্মান স্টিল অ্যাসোসিয়েশনের দেয়া তথ্যানুযায়ী, চলমান অর্থনৈতিক দুর্বলতা ও ‘বিপুল পরিমাণ আমদানির চাপ’ এ রফতানি পতনের প্রধান কারণ। সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক কারস্টিন মারিয়া রিপেল বলেন, ‘২০০৯ সালের আর্থিক সংকটের সময়ের মতোই এখনকার অবস্থা উদ্বেগজনক।’
মারিয়া রিপেল জানান, নির্মাণ, যন্ত্র প্রকৌশল ও গাড়ি শিল্পে অভ্যন্তরীণ চাহিদা দুর্বল থাকায় জার্মানির ইস্পাত খাত বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জার্মানির শিল্প খাতের জন্য ‘এটি একটি সংকটময় সময়’। এ অবস্থা থেকে উত্তরণে ‘চ্যান্সেলর, উপ-চ্যান্সেলর ও ফেডারেল কাউন্সিলের অংশগ্রহণে একটি উচ্চ পর্যায়ের স্টিল সামিট প্রয়োজন।’
তাছাড়া উচ্চ জ্বালানি খরচও জার্মানির ইস্পাত শিল্পের প্রতিযোগিতার সক্ষমতায় বড় চাপ তৈরি করছে। পুরো খাতেই অনিশ্চয়তা বিরাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।