৭০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে মূলধন ভিত্তি বাড়িয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাসেল-৩ গাইডলাইন অনুযায়ী এ বন্ড ইস্যু করা হয়েছে।
সম্প্রতি ব্র্যাক ব্যাংক নিজেদের ব্যালান্সশিটে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করায় এ বন্ড ব্যাংকের ক্যাপিটাল অ্যাডেকুয়েসি রিকোয়ারমেন্ট পূরণে সহায়তা করবে। এ অতিরিক্ত মূলধন ব্যাংকের ব্যালান্স শিটকে আগের তুলনায় আরো দ্রুত গতিতে বাড়াতে অবদান রাখবে।
মোট ৬৬৩ স্বতন্ত্র বিনিয়োগকারী দীর্ঘমেয়াদি সাব-অর্ডিনেটেড বন্ডে বিনিয়োগ করেছেন, যাদের মধ্যে রয়েছেন ৫৬৭ ব্যক্তি। স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি থেকে সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত ব্র্যাক ব্যাংকের এ বন্ডে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করেছেন।
এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘অর্থের নিরাপদ ও সুরক্ষিত আশ্রয়স্থল হিসেবে ব্র্যাক ব্যাংক বছরের পর বছর ধরে গ্রাহক-বিনিয়োগকারীদের বিশ্বাস ও আস্থা অর্জন করে চলেছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃক সাব-অর্ডিনেটেড বন্ডে বিনিয়োগ এ আস্থারই প্রতিফলন।’
এ বন্ডের প্রধান আয়োজক হিসেবে রয়েছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। এছাড়া ব্যাংকটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, এসএমই এমএফআই ও করপোরেট ব্যাংকিং টিম দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ সাবসক্রিপশন শেষ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বন্ডটি বিনিয়োগকারীদের একটি দীর্ঘমেয়াদি বন্ড মার্কেট তৈরিতে সহায়তা করবে বলে বিশ্বাস করে ব্র্যাক ব্যাংক। —বিজ্ঞপ্তি