চীনে টায়ারের মজুদ বেড়েছে। এতে শীর্ষ ব্যবহারকারী দেশটিতে প্রাকৃতিক রাবারের চাহিদা কমে আসতে পারে। এমন সম্ভাবনায় গত সপ্তাহের লেনদেনের শেষদিনে জাপানি রাবারের দাম টানা দ্বিতীয় দিনের মতো কমেছে। খবর বিজনেস রেকর্ডার।
ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) জুনে সরবরাহ চুক্তিতে গত শুক্রবার প্রাকৃতিক রাবারের দাম বেড়েছে ২ দশমিক ৯ ইয়েন বা দশমিক ৮৩ শতাংশ। প্রতি কেজির মূল্য নেমে এসেছে ৩৪৭ দশমিক ৬ ইয়েনে (২ ডলার ২১ সেন্ট)।
শাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) মে মাসে সরবরাহ চুক্তিতে গত শুক্রবার প্রাকৃতিক রাবারের দাম কমেছে ১৫৫ ইউয়ান বা দশমিক ৯৬ শতাংশ। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ১৬ হাজার ৩০ ইউয়ানে (২ হাজার ২৯৬ ডলার ৭ সেন্ট)। একই বাজারে ফেব্রুয়ারিতে সরবরাহের চুক্তিতে বুডাটিন রাবারের দাম কমেছে ২৬০ ইউয়ান বা ২ দশমিক ১২ শতাংশ। টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ১২ হাজার ১৫ ইউয়ানে।
চীনের সবচেয়ে বড় টায়ার উৎপাদন অঞ্চল শানডংয়ে টায়ারের মজুদ বেড়েছে বলে জানিয়েছে দেশটির আর্থিক তথ্য প্লাটফর্ম ছুহেচিহুয়ো। এদিকে চীনের স্টিল-টায়ার উৎপাদনকারীরা নববর্ষের ছুটির আগে ও পরে নির্ধারিত রক্ষণাবেক্ষণের কারণে উৎপাদন কমিয়ে দিয়েছে।
একজন শিল্প বিশ্লেষক বলেন, ‘চলতি সপ্তাহের শুরুতে পণ্যবাজারে শক্তিশালী ঊর্ধ্বমুখী ধারা থাকায় প্রাকৃতিক রাবারের দাম কিছুটা বেড়েছিল। তবে সেই দরবৃদ্ধির পর সপ্তাহের শেষ দিকে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে শুরু করায় দাম কমেছে।’