যুক্তরাষ্ট্র ও শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা কমার প্রত্যাশায় বুধবার ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম কিছুটা বেড়েছে। তবে পণ্যটির সরবরাহ বাড়ায় এ সময় মূল্যবৃদ্ধির পরিসর সীমিত ছিল। খবর বিজনেস রেকর্ডার।
ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) সেপ্টেম্বরের সরবরাহ চুক্তিতে বুধবার প্রাকৃতিক রাবারের দাম ১ দশমিক ৯ ইয়েন বা দশমিক ৬৭ শতাংশ বেড়েছে। প্রতি কেজির মূল্য স্থির হয়েছে ২৮৭ দশমিক ২ ইয়েন (প্রায় ২ ডলার ৩ সেন্ট)। এদিন সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) একই মাসের সরবরাহ চুক্তিতে প্রাকৃতিক রাবারের দাম ৬৫ ইউয়ান বা দশমিক ৪৪ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ১৪ হাজার ৫৫০ ইউয়ানে (প্রায় ১ হাজার ৯৯০ ডলার ৮৯ সেন্ট)।
এদিকে এসএইচএফইতে মে মাসের সরবরাহ চুক্তিতে বুডাটিন রাবারের দাম ১৫ ইউয়ান বা দশমিক ১৪ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ১০ হাজার ৯৫৫ ইউয়ানে (প্রায় ১ হাজার ৪৯৮ ডলার ৯৮ সেন্ট)।