ব্রাজিল থেকে আবারো বাড়তে পারে রোবাস্তা কফি রফতানি

বিশ্বে শীর্ষ কফি রফতানিকারক দেশ ভিয়েতনাম। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটি থেকে বেশ কয়েক বছর ধরে পণ্যটির রফতানি ব্যাহত হচ্ছে।

বিশ্বে শীর্ষ কফি রফতানিকারক দেশ ভিয়েতনাম। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটি থেকে বেশ কয়েক বছর ধরে পণ্যটির রফতানি ব্যাহত হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে বৈশ্বিক কফি বাজারের বড় অংশ দখল করেছে ব্রাজিল। আগামী বছরও দেশটি থেকে পণ্যটির রফতানি ঊর্ধ্বমুখী ধারায় থাকতে পারে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কফি কমার্স সেন্টার অব ভিটোরিয়া (সিসিসিভি)। খবর বিজনেস রেকর্ডার।

ব্রাজিল জানুয়ারি-নভেম্বর পর্যন্ত মোট ৮৭ লাখ ব্যাগ কফি উৎপাদন করে। এর মধ্যে ৬৬ লাখের হিস্যা ছিল শীর্ষ উৎপাদনকারী অঞ্চল এস্পিরিতো সান্তো রাজ্যের।

সিসিসিভির প্রধান ফ্যাব্রিসিও ত্রিস্তাও জানান, আরবিকা ও ইনস্ট্যান্ট কফিসহ এস্পিরিতো সান্তো চলতি বছর প্রায় ১ কোটি ১০ লাখ ব্যাগ রফতানি করতে পারে, যা দুই বছর আগের তুলনায় ৩০০ শতাংশের বেশি। এছাড়া চলতি বছর ব্রাজিলের সামগ্রিক কফি রফতানির পরিমাণ হতে পারে ৯০ লাখ ব্যাগের বেশি, গত বছর যা ছিল ৪০ লাখ ব্যাগের কিছু বেশি।

রোবাস্তা সাধারণত ইনস্ট্যান্ট কফি তৈরিতে ব্যবহার হয়। অ্যারাবিকার সঙ্গে মিশ্রণ অথবা একক ব্যবহার— দুই পদ্ধতিতেই এটি জনপ্রিয়তা পেয়েছে।

ফ্যাব্রিসিও ত্রিস্তাও বলেন, ‘রাজ্যের ফসল এখনো ভালো অবস্থায় রয়েছে। আগামী বছরও আমরা রফতানিতে ঊর্ধ্বমুখিতা দেখতে পারি।’

বেশির ভাগ বিশ্লেষক মনে করেন, আগামী বছর ব্রাজিলের রোবাস্তা কফির সরবরাহ অ্যারাবিকা কফির তুলনায় ভালো অবস্থায় থাকতে পারে। কারণ উৎপাদনকারী অঞ্চলগুলোয় দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া কফির ফলনকে বেশ ক্ষতিগ্রস্ত করেছে।

আরও