ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে খেলাপিতে পরিণত হওয়া ডার্ড গ্রুপের মালিকানাধীন দীপ্ত অ্যাপারেলস লিমিটেড, দীপ্ত গার্মেন্টস লিমিটেড ও ডার্ড গার্মেন্টস লিমিটেডের বন্ধকি সম্পত্তি নিলামে তুলেছে ওয়ান ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠান তিনটি বেসরকারি এ ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে পাওনা অর্থ আদায়ের লক্ষ্যে আইনানুগ প্রক্রিয়ায় বন্ধকি সম্পত্তি বিক্রির উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় ৯ সেপ্টেম্বর সংশ্লিষ্ট সম্পত্তির নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক।
ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত ডার্ড গ্রুপের এ তিন প্রতিষ্ঠানের কাছে ওয়ান ব্যাংকের মোট পাওনা দাঁড়িয়েছে ১৬৪ কোটি ৫ লাখ টাকা। এর মধ্যে দীপ্ত অ্যাপারেলস লিমিটেডের কাছে ১৪৩ কোটি ৬০ লাখ, দীপ্ত গার্মেন্টস লিমিটেডের কাছে ১৫ কোটি ৯০ লাখ এবং ডার্ড গার্মেন্টস লিমিটেডের কাছে ৫ কোটি ৫৪ লাখ টাকা পাওনা রয়েছে।
ওয়ান ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও বকেয়া অর্থ পুনরুদ্ধারের লক্ষ্যে সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানের বন্ধকি সম্পত্তি আইনানুগ প্রক্রিয়ায় নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া ডার্ড গ্রুপের আরেক প্রতিষ্ঠান ডার্ড কম্পোজিট টেক্সটাইলসের শ্রমিক ও কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধে সরকারের মধ্যস্থতায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গুলশান শাখা থেকে ১৩ কোটি টাকার বিশেষ ঋণ দেয়া হয়েছিল বলেও জানা গেছে।